Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর শহরে পানীয় জলের সঙ্কট দুর্ভোগে বাসিন্দারা ট্যাঙ্ক পাঠাচ্ছে পুরসভা

খড়্গপুর শহরে পানীয় জলের সঙ্কট দুর্ভোগে বাসিন্দারা ট্যাঙ্ক পাঠাচ্ছে পুরসভা
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: প্রচণ্ড গরমে খড়্গপুর শহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা পানীয় জলের সঙ্কটে ভুগছেন। কোথাও জল সরবরাহের পাইপে নোংরা জমেছে। আবার কোথাও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। জলের ট্যাঙ্ক পাঠিয়ে সাময়িক সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে পুরসভা। তবে তাতেও সঙ্কট মিটছে না। এলাকার বাসিন্দারা স্থায়ী সমাধান  চাইছেন। বাসিন্দারা বলেন, প্রচণ্ড গরমে এভাবে জল সঙ্কট চলায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তার ট্যাপকলে বা বাড়ির সংযোগে পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। ট্যাঙ্ক থেকে জল বয়ে আনতেই সময় চলে যাচ্ছে। তাও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। তালবাগিচা এলাকার দীনেশনগরে গত বেশ কিছুদিন ধরে জলের সঙ্কট  চলছে। বাসিন্দারা বলেন, রাস্তার ট্যাপকলে পর্যাপ্ত জল আসছে না। বাড়িতেও জল মিলছে না। কখনও আবার নোংরা জল আসছে। সেই জল ব্যবহারের অযোগ্য। কোনও কোনও দিন আবার একবারে জল মিলছে না। বারবার পুরসভাকে জানিয়েও কোনও সমাধান হচ্ছে না। দু’টি জলের ট্যাঙ্ক পাঠিয়েই দায় সারছে পুরসভা। স্থায়ী সমাধানের কোনও উদ্যোগই নেই। তৃণমূল যুব নেতা অসিত পাল বলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলার তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে এলাকায় দেখাই যায় না। সমস্যা সমাধানে কাউন্সিলারের কোনও উদ্যোগই নেই। কাউন্সিলারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওখানে একটা জং ধরা পাইপ বদল করতে হবে। সেটা পুরসভার কাজ। তারা একটা পাইপও বদল করতে পারছে না। পুরসভা ভেঙে দেওয়া দরকার। 

Advertisement

গত দু’দিন ধরে বারবেটিয়া এলাকায় জলসঙ্কট দেখা দিয়েছে। রবিবার সেখানেও ট্যাঙ্কের সাহায্যে জল সরবরাহ করতে হয়েছে পুরসভাকে। স্থানীয় তৃণমূল কাউন্সিলার আশা দোলই অবশ্য বলেন, স্থানীয় ডিপ টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দেওয়ায় সমস্যা হয়েছিল। তা মেরামত করা হয়েছে। আজ সোমবার থেকে আর কোনও সমস্যা হবে না। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, যেখানে সমস্যা হচ্ছে খবর পেলেই পুরসভা থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। তিনি বলেন, দীনেশনগরে পাইপ লাইনে সমস্যা হয়েছে। সেখানে নতুন পাইপ লাইন  বসাতে হবে। দ্রুত কাজ শুরু হবে। পাইপের মধ্যে নোংরা জমে যাওয়ায়  জল সরবরাহে বাধা পাচ্ছে। পাইপ বদল করে দিলে আর কোনও সমস্যা থাকবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ