সংবাদদাতা, করিমপুর: ভোটের দিনে অশান্তি এড়াতে ভারত-বাংলাদেশ সীমান্তের পাশাপাশি মুর্শিদাবাদ সীমানা সুরক্ষিত রাখার দাবি করিমপুর বিধানসভার বাসিন্দাদের। এব্যাপারে সহমত জানিয়েছে রাজনৈতিক দলগুলিও। জানা গিয়েছে, করিমপুর বিধানসভার একদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত। অন্যদিকে, জলঙ্গি নদী বরাবর নদীয়া মুর্শিদাবাদ জেলার সীমানা। এছাড়া অপর দিকে তেহট্ট বিধানসভার সীমানা। সেই কারণে শান্তিপূর্ণ ভোট চায় করিমপুর।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে নদীয়া জেলায়। করিমপুর বিধানসভা লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি, ডোমকল ও নওদা বিধানসভার সীমানা। আগের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, ভোটের দিন পার্শ্ববর্তী ডোমকল বিধানসভা এলাকায়য় আইনশৃঙ্খলার অবনতি হয়। কয়েক বছর আগেও ভোটের দিনে রাজনৈতিক গণ্ডগোলে মানুষের মৃত্যু হয়েছে। সে কথা করিমপুরবাসীর মনে আছে। এসব কারণে দলমত নির্বিশেষে বহু মানুষ মনে করেন, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় একই দিনে ভোট হলে পরিস্থিতি স্বাভাবিক থাকত।
এখন জলঙ্গি নদীতে জল না থাকায় করিমপুর ও ডোমকল সীমানার বাসিন্দারা হেঁটেই নদী পেরচ্ছেন। এছাড়াও কোথাও কোথাও নদীর উপর মাটি ফেলে রাস্তা হয়েছে। কোথাও বাঁশের সাঁকো করা হয়েছে। এব্যাপারে করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, রাজ্যে শাসক দলের কাজই হচ্ছে ভোটের সময় মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই যেভাবে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে আশা করা যায় এবার শান্তিপূর্ণভাবেই ভোট হবে।
সিপিএম প্রার্থী প্রভাস মজুমদার জানান, বিগত দিনের দেখা গিয়েছে নদীয়ার সীমানা পেরিয়ে মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষকে এদিকে নিয়ে এসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জটিল করেছিল শাসক দল। তবে নির্বাচন কমিশন নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেবে।
তৃণমূলের করিমপুর-১ ব্লক সভাপতি আশিস চট্টোপাধ্যায় জানান, আগে ভোটের সময় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকতে পারে। তাই বলে আবার হবে এমনটা নয়। দলের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে যেন বিধানসভা এলাকা সুরক্ষিত থাকে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করিমপুর মুর্শিদাবাদ সীমান্তে দুর্লভপুর ঘাট, পাট্টাবুকা অশ্বিনীঘাট, করিমপুর বক্সিপুর ফেরিঘাট, শিশা বৈষ্ণবপাড়া ফেরিঘাট সহ মোট প্রায় ১৫টি ঘাট রয়েছে। সাতটি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) সুরজিৎকুমার দে জানান, ভোটের দিন নদীয়া-মুর্শিদাবাদ সীমানা সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই তেহট্ট ও ডোমকল মহকুমার এসডিপিও পর্যায়ে বৈঠক হয়েছে। আর ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখতে এবং শান্তিপূর্ণ ভোট করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।