Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতিবেড়িয়া পশ্চিমপল্লি রথ ও লক্ষ্মী পুজোর আনন্দে মেতেছেন বাসিন্দারা

হলদিয়া পুরসভার হাতিবেড়িয়া পশ্চিমপল্লি রথযাত্রা উৎসব ও লক্ষ্মীপুজোয় আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। এবার ওই রথযাত্রা উৎসব ১৩ বছরে পড়েছে।

হাতিবেড়িয়া পশ্চিমপল্লি রথ ও লক্ষ্মী পুজোর আনন্দে মেতেছেন বাসিন্দারা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া পুরসভার হাতিবেড়িয়া পশ্চিমপল্লি রথযাত্রা উৎসব ও লক্ষ্মীপুজোয় আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। এবার ওই রথযাত্রা উৎসব ১৩ বছরে পড়েছে। হলদিয়ার ক্ষুদিরামনগর সংলগ্ন ওই রথযাত্রা ঘিরে প্রতিবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এলাকায়। বন্দর শহর গড়ে ওঠার আগে হাতিবেড়িয়া ছিল সবচেয়ে বড় গ্রাম। শহর গড়ে ওঠার পর হাতিবেড়িয়ার একাংশে হলদিয়া পেট্রকেমের উদ্বাস্তু কলোনি ক্ষুদিরামনগর গড়ে উঠেছে। হাতিবেড়িয়া পশ্চিম পল্লির ওই রথ এখন উদ্বাস্তু মানুষগুলির ফেলে আসা পুরনোদিনের রথের স্মৃতিকে মনে করিয়ে দেয়। তাই ক্ষুদিরামনগরের মানুষজনও ওই রথে মেতে ওঠেন। ওই রথ ক্ষুদিরামনগরের পৌষালী ব্লকের দোকান মোড় থেকে টানা শুরু হয়। রথ পরিক্রমা চলে কদমতলা মোড় পর্যন্ত। রথ কমিটির সভাপতি গৌরহরি দাস, সহ সভাপতি প্রাক্তন পুর কাউন্সিলার শম্ভু মণ্ডল বলেন, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের হাত ধরে প্রথম বছর রথযাত্রার সূচনা হয়েছিল। রথের আগে প্রতিবছর ধুমধাম করে জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান হয়। এবছর স্নানযাত্রা অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন পুর চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, আইকেয়ারের দুই বোর্ড সদস্য সুদীপ্তন শেঠ ও স্পর্শিতা পণ্ডাশেঠ। প্রতি বছর রথের সময় পুর এলাকার মেধাবী পড়ুয়াদের সম্মানিত করা হয় রথ কমিটির তরফে। রথ কমিটি ও বাসিন্দাদের উদ্যোগে নতুন জগন্নাথদেবের মন্দির তৈরির কাজ শুরু হয়েছে জানান শম্ভুবাবু। রথযাত্রা কমিটির সম্পাদিকা প্রাক্তন কাউন্সিলার চম্পারানি মাজি ও সহ-সম্পাদক প্রকাশ ধাড়া বলেন, রথ উপলক্ষে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশ নেয়।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ