সংবাদদাতা, হলদিবাড়ি: প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে ভাঙা কালভার্টের উপর বাঁশের মাচা বানিয়ে সাঁকো তৈরি করলেন গ্ৰামবাসীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্ৰাম পঞ্চায়েতের ২ নম্বর স্কিম চরকডাঙার বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে এই কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্ৰামে ঢোকার একমাত্র রাস্তার মাঝে কালভার্ট থাকলেও তা ভেঙে গিয়েছে। ফলে অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন আসতে পারছে না। গ্ৰামে ৫০টি পরিবার বসবাস করে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে এদিনের দুপুরে ভাঙা কালভার্টের উপর মাচা বানিয়ে সাঁকো তৈরি করেন গ্ৰামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ,তিন বছর ধরে কালভার্টটি ভাঙা অবস্থায়। গ্ৰাম পঞ্চায়েত অফিসে বেশ কয়েকবার জানানো হলেও কালভার্ট সংস্কারের কোনও উদ্যোগ গ্ৰহণ করেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা বিক্রম রায়, বিশ্বজিৎ রায় বলেন, গত তিন বছর দুর্ভোগ হচ্ছে আমাদের। কালভার্ট ভাঙা থাকায় টোটো আসতে পারছে না। বাধ্য হয়ে অনেকটা ঘুরে রোগীকে নিয়ে যেতে হয়। গ্ৰামে কোথাও আগুন লাগলে দমকলের ইঞ্জিন আসতে পারে না। কালভার্ট সংস্কারের জন্য পঞ্চায়েত অফিসে বহুবার দৌড়ঝাঁপ করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বুধবার বৃষ্টির জেরে জলের স্রোতে কালভার্টের একাংশ ভেঙে যায়। তাই বাধ্য হয়ে আমরা গ্ৰামবাসীরা এদিন একত্রিত হয়ে বাঁশ কেটে মাচা বানিয়ে কালভার্টের উপর বসিয়েছি। আমরা চাই, দ্রুত কালভার্ট সংস্কারের উদ্যোগ গ্ৰহণ করুক প্রশাসন। এবিষয়ে খারিজা বেরুবাড়ি-২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তারানাথ রায় বলেন, কালভার্ট সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, শীঘ্রই সংস্কার করা হবে। নিজস্ব চিত্র