নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: খোলা যানবাহনে ছাই পরিবহণের জেরে বাঁকুড়ার শিল্পাঞ্চলের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। শালতোড়া-মেজিয়া এলাকার বিভিন্ন কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই উন্মুক্তভাবে ট্রাকে ও ডাম্পারে করে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। পুরুলিয়ার রঘুনাথপুর শিল্পাঞ্চল থেকেও ছাই ভরতি যানবাহন বাঁকুড়া হয়ে চলাচল করছে। সেই ছাই উড়ে এসে পথ চলতি মানুষের চোখে মুখে ঢুকছে। বাড়িতেও উড়ে এসে পড়ছে। স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। সোমবার শালতোড়ায় ছাইবোঝাই একটি ডাম্পার আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শালতোড়া থানার এক আধিকারিক বলেন, ছাই পরিবহণের সময় ঢাকা দেওয়ার জন্য আমরাও বারবার বলছি। কিন্তু যানবাহনের চালক ও মালিকরা কথায় আমল দিচ্ছে না। এদিন ডাম্পারটিকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা তথা সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য শুভেন্দু মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরেই উন্মুক্ত অবস্থায় ছাই পরিবহণ করা হচ্ছে। শালতোড়ার উপর দিয়ে দৈনিক শতাধিক ছাইভরতি ডাম্পার চলাচল করে। এদিন রঘুনাথপুর থেকে ডাম্পারটি ছাই নিয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। শালতোড়া অঞ্চলের সুবদা মোড়ে সেটিকে আমরা আটকে দিই। পুলিশ ডাম্পারটি আটক করে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতির পরিবর্তন না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
উল্লেখ্য, এমনিতেই শিল্পাঞ্চলে দূষণের মাত্রা বেশি থাকে। কারখানার ধোঁয়ায় বায়ু দূষিত হয়। কারখানা থেকে উড়ে আসা ছাই পুকুর, নদী-নালার জলকে দূষিত করে। কলকারখানার বর্জ্য চাষের খেত, বাগান নষ্ট করে। বাড়িঘর কালো হয়ে যায়। সেসবের সঙ্গে বছরভর বাসিন্দাদের যুঝতে হয়। তারউপর চলমান যানবাহনের উড়ন্ত ছাই তাঁদের সমস্যাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার ছাই সিমেন্ট উৎপাদনে কাজে লাগে। এছাড়াও বর্তমানে নির্মাণ শিল্পে ওই ছাইয়ের ব্যাপক ব্যবহার হচ্ছে। ফলে রঘুনাথপুর, মেজিয়া থেকে ছাই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়। বিভিন্ন সংস্থা বিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই কিনে নেয়। সাধারণত ছাই বা বালি জাতীয় পদার্থ উন্মুক্ত অবস্থায় পরিবহণ করা যায় না। কারণ দূষণের পাশাপাশি সেসব উড়ে গিয়ে অন্যান্য যানবাহনের চালক ও পথচারীদের চোখে ঢুকতে পারে। সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি থাকে। অবিলম্বে ওই ধরনের বেআইনি পরিবহণ রুখতে শালতোড়ার বাসিন্দারা রাস্তায় নেমেছেন। সমস্যা না মিটলে আগামী দিনেও তাঁরা ফের পথে নামবেন বলে জানিয়ে দিয়েছেন।
বিক্ষোভ স্থানীয়দের। -নিজস্ব চিত্র



