মশার উপদ্রবে নাজেহাল বনগাঁবাসী, নিকাশিনালা সব আবর্জনায় ভরা, উদাসীন পুরসভা
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: মশার উপদ্রবে নাজেহাল বনগাঁবাসী। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরজুড়ে মশার দাপট বনগাঁর বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছে। দিনের বেলাতেও মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না তাঁরা। মশার দাপট বৃদ্ধি পাওয়ায় পুরসভাকে দায়ী করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, পুরসভার উদাসীনতায় শহর জুড়ে মশার উপদ্রব বেড়েছে। এজন্য শহরের আবর্জনা ভর্তি নিকাশিনালা ও বদ্ধ জলাশয়কেই দায়ী করেছেন শহরবাসী।

Advertisement

বনগাঁ শহরের বেশিরভাগ নিকাশিনালা আবর্জনায় ভরা, যা মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নিকাশিনালাগুলি নিয়মিত পরিষ্কার হয় না। কোনো কোনো ক্ষেত্রে চার মাসে একবারও পরিষ্কার হয় না সেগুলি। এই কারণেই সেখানে মশার লার্ভা জন্ম নিচ্ছে। নালাগুলিতে নিয়মিত মশা মারার ওষুধও স্প্রে হয় না। ফরে সহজেই মশা বাড়ছে। এছাড়া শহরের অনেক রেস্তরাঁ ও খাবারের দোকান থেকে নিকাশি নালায় প্রতিদিন ময়লা আবর্জনা ফেলার ফলে সেখানে মশার উপদ্রব বাড়ছে। 
পাশাপাশি বনগাঁ শহরে মশার উপদ্রবের অন্যতম একটি কারণ ইছামতী নদী। কচুরিপানায় আবদ্ধ নদীর বদ্ধ জলে মশা জন্ম নিচ্ছে। এটাই শহরবাসীর কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও শহরের একাধিক জলাশয় রয়েছে, যেগুলি নোংরা আবর্জনায় ভরা। সব মিলিয়ে মশার উপদ্রব আরও বেড়েছে। বনগাঁবাসীর দাবি, পুরসভা এবিষয়ে একটু তৎপর হলেই মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া যেত। যদিও বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, নিয়মিত নিকাশিনালাগুলি পরিষ্কার করা হয়। ছড়ানো হয় ব্লিচিং, বিভিন্ন রাসায়নিক।