Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিকাশি সমস্যায় জেরবার চাঁচলের আশাপুরের বাসিন্দারা, বাড়ছে ক্ষোভ

নিকাশি সমস্যায় জেরবার চাঁচলের আশাপুরের বাসিন্দারা, বাড়ছে ক্ষোভ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের আশাপুরে নিকাশির সমস্যায় সরব হয়েছেন বাসিন্দারা। বর্ষার মরশুমে রাস্তাঘাটে জল জমে থাকে। আর ভারী বৃষ্টিতে ব্যস্ততম আশাপুর বাজার ও বসতবাড়িগুলিতেও জল ঢুকে যায়। দীর্ঘদিনের এই সমস্যা প্রশাসনকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আশাপুর বাজারের পাশ দিয়ে এক কিমি দীর্ঘ নিকাশিনালা রয়েছে। কিন্তু সেই নালার জল কোথাও বের হয় না। মহানন্দা নদী ৮০০ মিটার দূরে থাকলেও নদীতে নিকাশির জল ফেলার কোনও ব্যবস্থা নেই। ফলে বর্ষার সময় রাস্তাঘাট ডুবে যায়। দোকান ও বসতবাড়িতেও জল ঢুকে পড়ে। এতে সমস্যায় পড়েন সংশ্লিষ্ট বাসিন্দারা। ভারী বৃষ্টি হলে তাঁদের ভোগান্তির অন্ত থাকে না। সুষ্ঠু নিকাশি ব্যবস্থার দাবিতে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এরপরই রবিবার সমস্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন ও খরবা পঞ্চায়েতের উপ প্রধান মলয় বসাক সহ অন্যরা। সহকারী সভাধিপতি বলেন, পাশেই মহানন্দা নদী থাকলেও জল যাওয়ার কোনও নালা নেই। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে একটি উন্নত নিকাশিনালার প্রস্তাব পাঠানো হচ্ছে। আশাপুরের বাসিন্দা অচিন্ত্য ঘোষ বলেন, মহানন্দা পর্যন্ত নিকাশিনালা তৈরি হলে সমস্যার স্থায়ী সমাধান হবে। 

Advertisement

খরবা পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক বলেন, এই প্রকল্পটি বড় ও অনেক খরচা সাপেক্ষ। পঞ্চায়েতের পক্ষে এতবড় কাজ একা কাজ করা সম্ভব নয়। তাই জেলা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ