সংবাদদাতা, চাঁচল: আজ থেকে প্রায় ৩০০ বছর আগের ঘটনা। রাজার রক্ষাকালী মায়ের পুজোয় মেতে উঠতেন প্রজারা। বহু দিন হলোরাজা নেই। নেই রাজ্যপাট। তবুও পুজোর জৌলুস হারায়নি। আজও নিষ্ঠার সঙ্গে পুজিতা হয়ে আসছেন মা রক্ষাকালী। পুজোর ভার এখন বাসিন্দাদের হাতে। আজও প্রথা মেনে কার্তিক সংক্রান্তি তিথিতে মাতৃ আরাধনায় ব্রতী হন ভক্তরা।
মালদহের চাঁচল সদরের সুকান্তপল্লীতে রক্ষা কালী মায়ের পুজোর প্রস্তুতি শেষ হয়েছে। আজ মঙ্গলবার, কার্তিক সংক্রান্তি তিথির রাতে মায়ের সুনির্দিষ্ট থানে মৃন্ময়ী প্রতিমায় পুজো হবে।
কথিত আছে, চাঁচলের তৎকালীন রাজার আমলে এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছিল। রোগে আক্রান্ত প্রজাদের কথা ভেবে রাজা দুশ্চিন্তায় পড়েছিলেন। মায়ের স্বপ্নাদেশ পেয়ে প্রজাদের মহামারীর হাত থেকে বাঁচাতে মাতৃ আরাধনা শুরু করেছিলেন রাজা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী। সেই থেকে রাজ প্রথা মেনে আজও কার্তিক সংক্রান্তি তিথিতে মা রক্ষাকালী পূজিতা হয়ে আসছেন। ভক্তদের বিশ্বাস, এখানে মায়ের মাহাত্ম্য অসীম। ভক্তি নিষ্ঠার সঙ্গে মায়ের কাছে মানত করলে তা অবশ্যই পূরণ হয়। এই বিশ্বাস স্থানীয় মানুষের মনে গেঁথে রয়েছে। প্রতি বছর ভক্তরাই মাতৃ প্রতিমা তৈরির খরচ বহন করেন। এবছর খরচ বহন করছেন জেলেপাড়ার সুবল দে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রীতি অনুযায়ী অন্ন সহ সাত রকমের ভাজা, তরকারি দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। রয়েছে এক বিশেষ রীতি। মণ্ডপের সামনের পুকুর থেকে একটি হলেও মাছ সংগ্রহ করতে হয়। ভোগে মাছ সহ মাছের ঝোল নিবেদন করা হয়।
পাশাপাশি ভক্তদের আনা মাছ রান্না করে উপস্থিত পুণ্যার্থীদের বিতরণ করা হয়। রক্ষাকালীর পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে ঘোষপাড়া ও জেলেপাড়া সহ গোটা চাঁচলবাসী। মায়ের কাছে অসংখ্য ডালা নিবেদন করা হয়। পুজোকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।
পুজো কমিটির পরিচালক অপুচন্দ্র দাস বলেন, প্রতিবছরই ভক্তদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। রাজা না থাকলেও রাজ আমলের পুজোর জৌলুস হারায়নি। এলাকাবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজন করে থাকি। ফাইল চিত্র



