সংবাদদাতা, ঘাটাল: নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে জঞ্জাল। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে এলাকার বাসিন্দাদের। এর প্রতিবাদে সোমবার সকালে ঘাটাল পুরসভার ২নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মোড়ে আবর্জনার গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। পুরসভার কর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবিষয়ে বাসিন্দাদের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ঘাটাল পুরসভার স্যানিটারি ইনস্পেক্টর অসীম আদক। তিনি বলেন, পুরসভার কোনো নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড না থাকায় এই এলাকায় আবর্জনা ফেলতে ফেলতে রাস্তাও বর্জ্যে ভরে যাচ্ছে। সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্পের প্রক্রিয়া চলছে। আশা করছি, খুব শীঘ্রই এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। পুরসভার আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরেই এদিন বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। এলাকার পরিবেশ দ্রুত স্বাভাবিক হবে বলেই আশায় রয়েছেন বিবেকানন্দ মোড় এলাকার মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল পুরসভার নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। তাই দীর্ঘদিন ধরে পুরসভার সমস্ত বর্জ্য ২নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মোড় ও ময়রাপুকুর সংলগ্ন একটি অস্থায়ী জায়গায় ফেলা হয়। ওই এলাকায় বহু পরিবার বসবাস করে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে সাফাইকর্মীরা নির্দিষ্ট স্থানে আবর্জনা না ফেলে ময়রাপুকুর মোড় এলাকার রাস্তায় এবং বিভিন্ন বাড়ির সামনে স্তূপাকার করে রেখে দিয়ে যাচ্ছেন। যার জেরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। পথচারীদের নাক চেপে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এবিষয়ে পুরসভাকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এদিন সকালে পুরসভার আবর্জনার গাড়ি ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ।বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা শেখ সিরাজ আলি, মর্জিনা প্রধান এবং গৌরী মাইতি বলেন, দীর্ঘদিন ধরে এই নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বাড়ির সামনে, রাস্তায় যেখানে সেখানে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছেন সাফাইকর্মীরা। দুর্গন্ধে বাড়িতে বসবাস করা যাচ্ছে না। ছোট শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। পুরসভাকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আবর্জনার গাড়ি আটকেছি। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।-নিজস্ব চিত্র