কাটোয়ার পানুহাটে নির্মিত সাবওয়ে শহরে যানজটের রাশ কমাবে, আশা বাসিন্দাদের
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের মূল প্রবেশপথেই রয়েছে হাওড়া-কাটোয়া শাখার লাইন আর তারজন্য রেলগেট রয়েছে। দিনের ব্যস্ততম সময়গুলিতে রেলগেট বন্ধের জন্য চরম দূর্ভোগের শিকার হতে হয় বাসিন্দাদের। দশকের পর দশক রাজনৈতিক নেতাদের ফ্লাইওভার তৈরি করে দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবে রূপ পায়নি। 

Advertisement

তবে পানুহাট রেলগেটে সাবওয়ে তৈরি করা হল। এতে শহরের রেলগেট এড়ানো যাবে। সামান্য ঘুরপথে হলেও যানজটের নাগপাশ এড়াতে পারবেন বাসিন্দারা। কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। শহরের এসটিকেকে রোড দিয়ে দমকল কেন্দ্রের পাশ দিয়েই পানুহাটে সাবওয়েতে যাওয়া যাবে। আর সেটা পেরিয়েই পানুহাট বাজার হয়ে কাটোয়া শহরে প্রবেশ করা যাবে। আর রেলগেটের যানজটে পড়তে হবে না কাউকেই। অন্তত সত্তর-আশি ভাগ সমস্যার সমাধান হয়েছে বলে বাসিন্দাদের মত। বিশেষ করে অফিসের সময়ে ছোটো গাড়ি, আ্যাম্বুলেন্স, বাইক নিয়ে সাবওয়ে দিয়ে কাটোয়া শহরে যাওয়া যাবে। কিছুটা হলেও শহরের বাসিন্দারা হাঁফ ছেড়ে বেঁচেছেন। 
রেলসূত্রে জানা গিয়েছে, ব্যাণ্ডেল-কাটোয়া শাখায় পানুহাটের সাবওয়ে তৈরির পরিকল্পনা দু’ বছর আগেই নিয়েছিল পূর্ব রেল। এখন তা বাস্তবায়িত হয়েছে। এরজন্য ৯০ লক্ষ টাকা খরচ হয়েছে। কাটোয়া জংশনের রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রবীর মজুমদার বলেন, সাবওয়ে তৈরির পর দু’ দিকের রাস্তা তৈরি করা হবে। শনিবার সাবওয়ের  মূল খাঁচা বসানো হয়েছে। রবিবারও দ্রুত গতিতে কাজ হচ্ছে। শহরের বাসিন্দা অর্চনা পাল, সুজয় রাজবংশী বলেন, কাটোয়া রেলগেটে ফ্লাইওভার কবে হবে জানি না। অন্তত পানুহাট সাবওয়ে দিয়ে এবার সহজেই যানজট ছাড়াই আমরা শহরে ঢুকতে পারব। আমাদের দীর্ঘদিনের দাবির কিছুটা তো পূরণ হয়েছে। তাতেই খুশি। 
আগে কেন্দ্রের প্রাক্তন রেলমন্ত্রী রামবিলাস পাশোয়ান থেকে শুরু করে লালুপ্রসাদ যাদব, প্রাক্তন রেলের রাষ্ট্রমন্ত্রী অধীর চৌধুরী দপ্তরেরর অনুষ্ঠানে কাটোয়ায় এসে ফ্লাইওভার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। এছাড়াও প্রায় সময়ই ইঞ্জিনের গেজ পরিবর্তন করা হয়। স্বভাবতই ট্রেন ও ইঞ্জিন চলাচলের জন্য সারাদিনে প্রায় ১৫০বার রেলগেট বন্ধ করতে হয়। একবার গেট বন্ধ হলেই মুহুর্তের মধ্যেই সাইকেল, বাইক থেকে শুরু করে রিকশ ও ভারী যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজট শুরু হয়ে যায়। সেসময় অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। শ্রী চৈতন্যদেবের দীক্ষা শহর কাটোয়া শহরের পরিকাঠামো উন্নত হচ্ছে। বড় বড় আবাসন গড়ে উঠছে। বড় বড় শপিং মল শহরে এসেছে। বাইরের বিভিন্ন নামী সংস্থার বিপনন কেন্দ্র গড়ে উঠছে বাণিজ্যিকভাবে। চার জেলার মধ্যস্থল হিসাবে কাটোয়া শহরের গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই কাটোয়া শহরের মূল প্রবেশ পথেই চিনের প্রাচীরের মত বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে রেলগেট। সারাদিনে রেলগেট দেড়শ বার বন্ধ রাখতে হচ্ছে। কার্যত চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ১২  ঘন্টা বন্ধ থাকছে রেলগেট। শহরে মূল প্রবেশ পথেই চুড়ান্ত নাকাল হতে হত বাসিন্দাদের। ব্যাণ্ডেল-কাটোয়া শাখায় সারাদিনে ২১ জোড়া ট্রেন যারায়াত করে। পাশাপাশি কাটোয়া-বর্ধমান, কাটোয়া-আমোদপুর, কাটোয়া-আজিমগঞ্জ শাখা নিয়ে মোট ৫৩ জোড়া ট্রেন যাতায়াত করে। 
স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, পানুহাটের বাজারে রাস্তার দু’ পাশে বাজার বসে৷ সেখানে সারাদিন যানজট হয়৷ ওই বাজার স্থানীয় মার্কেটের মধ্যে স্থানান্তরিত করা হলে কাটোয়া শহরে বিনা বাধাতেই বাইপাস হয়ে উঠবে।