পরিষেবা নিয়ে তিতিবিরক্ত এলাকাবাসী, পরিস্থিতি আরও শোচনীয় হওয়ার শঙ্কা
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: চরম আর্থিক সংকটের কারণে মেয়াদ শেষের তিন মাস আগেই বারুইপুর পুরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড ভেঙে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার পুরসভা কর্তৃপক্ষ একথা জানিয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে বারুইপুর মহকুমাশাসকের কাছে ইস্তফা দেবেন বর্তমান পুরবোর্ডের সদস্যরা। তার আগেই নাগরিক পরিষেবা নিয়ে তিতিবিরক্ত ও চরম ক্ষুব্ধ বাসিন্দারা। অভিযোগ, অধিকাংশ ওয়ার্ডে রাস্তার পাশে জঞ্জাল পড়ে থাকছে। বাড়ি থেকে নিয়মিত জঞ্জাল সংগ্রহ হচ্ছে না। নর্দমা পরিষ্কার নিয়মিত হচ্ছে না। গোটা পুরবোর্ড পদত্যাগ করলে অবস্থা আরও শোচনীয় হবে বলে আশঙ্কা পুরসভার নাগরিকদের। বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, ‘জঞ্জাল পড়ে থাকার কথা শুনেছি। বাকি অভিযোগ নিয়ে আমি কথা বলব। পরবর্তী কালে মহকুমা প্রশাসন নিশ্চয় দেখবে।’

Advertisement

বারুইপুর পুরসভায় রয়েছে মোট ১৭টি ওয়ার্ড। ১৫ নম্বর ওয়ার্ডে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল যাওযার রাস্তায় পড়ে আছে জঞ্জাল। সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীদের নাকে রুমাল চাপা দিয়ে যেতে হচ্ছে। কিছু সাফাইকর্মীর বক্তব্য, এই জঞ্জাল সকালে তোলা হয়। আবার দুপুরে কেউ ফেলে দেয়। ওই জায়গায় যাতে আবর্জনা না পড়ে, তার ব্যবস্থা করতে হবে। শুধু এই জায়গা নয়, অধিকাংশ ওয়ার্ডেই রাস্তার পাশে, অলিগলিতে আবর্জনা পড়ে থাকছে দিনের পর দিন। 
নাগরিকরা বলছেন, বাড়ি থেকে নিয়মিত জঞ্জাল সংগ্রহ করার কথা। কিন্তু তা নেওয়া হচ্ছে না। উলটে সাফাইকর্মীরা হুমকির সুরে বলছেন, ‘যেখানে খুশি অভিযোগ করুন। কিছু হবে না। এমনই চলবে।’ এক ভুক্তভোগী বাসিন্দার কথায়, ‘এমনিতেই কাউন্সিলারদের নজরদারি নেই। অধিকাংশ কাউন্সিলারকে ওয়ার্ডে দেখাই যায় না। কেউ কেউ ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলার চেষ্টা করছেন। ওই সবই চলছে। কিন্তু মানুষ যে কত সমস্যার মধ্যে আছে, সেদিকে কারও নজর নেই। আগামী মাসগুলিতে আরও খারাপ অবস্থা হবে মনে হয়। দেখা যাক, পুরবোর্ড চলে গেলে মহকুমা প্রশাসন কী করে।’