সংবাদদাতা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ নবদ্বীপে প্রতিদিনই দূরদূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের সমাগম হয়। শুধু রাস, দোল কিংবা ঝুলন উৎসবের মতো বিশেষ অনুষ্ঠানই নয়, বছরভরই মন্দির দর্শনে ভিড় জমান অসংখ্য মানুষ। আসন্ন রাস উৎসবকে কেন্দ্র করে ফের লক্ষাধিক মানুষের সমাগম হতে চলেছে নবদ্বীপে। অথচ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়গুলিতে শৌচাগার বা প্রস্রাবাগারের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে আসা মানুষজনকে। হাতে গোনা কয়েকটি জায়গা পোড়ামাতলা, রাধাবাজার, প্রাচীন মায়াপুর জন্মস্থান সংলগ্ন এলাকা ছাড়া শহরের অধিকাংশ এলাকাতেই নেই শৌচকর্মের পরিকাঠামো। ফলে অনেক সময় বাধ্য হয়েই যত্রতত্র খোলা জায়গায় শৌচকর্ম করছেন কেউ কেউ। এতে একদিকে যেমন শহরের পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে, অন্যদিকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলা পুণ্যার্থী ও পর্যটকরা। এই পরিস্থিতিতে আসন্ন রাস উৎসবের আগেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে শৌচাগার তৈরির দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। নতুন সরকারের কাছে তাঁদের আবেদন, বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। নবদ্বীপ শহরে বিশেষ করে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে পোড়ামাতলা মোড় পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা মালঞ্চপাড়া, বুড়োশিবতলা, হরিসভা পাড়ায় শৌচাগার নেই। এছাড়া, মণিপুর, দণ্ডপাণিতলা, ঢপওয়ালির মোড়, আগমেশ্বরীপাড়া, যোগনাথতলা, ফেরিঘাট এলাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকাতেও শৌচাগার নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে পরিচ্ছন্নতা ও শৌচাগার নির্মাণে বিপুল টাকা ব্যয় হলেও নবদ্বীপের মতো তীর্থক্ষেত্রের বহু এলাকায় এখনও ন্যূনতম শৌচকর্মের পরিকাঠামো গড়ে ওঠেনি। শৌচাগারের পাশাপাশি পর্যটক ও পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল এবং হাত-মুখ ধোয়ার ব্যবস্থা রাখাও জরুরি। সেই সঙ্গে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্নানাগার তৈরি হলে দূরদূরান্ত থেকে আসা মানুষের বিশেষ সুবিধা হবে। বিশেষ করে শীতের মরশুমে বহু মানুষ সকালে স্নান সেরে বাড়ি থেকে বের হতে পারেন না। নবদ্বীপে এসে স্নানের প্রয়োজন হলেও তাঁদের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। সামান্য অর্থের বিনিময়ে স্নানের ব্যবস্থা করা গেলে পুণ্যার্থী ও পর্যটক, উভয়েই উপকৃত হবেন। বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সহ সভাপতি নবীন চক্রবর্তী বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা। আগের সরকারগুলির আমলেও এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের আমলে আমরা আশাবাদী, এর স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু নবদ্বীপের রাস উৎসবে আসছেন, তাই তাঁর কাছে আমাদের প্রত্যাশা, বিভিন্ন জেলা থেকে আগত পুণ্যার্থী ও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সরকার ইতিবাচক পদক্ষেপ করবে। একইসঙ্গে নবদ্বীপ পুরসভাও নতুন পরিকল্পনার মাধ্যমে শৌচাগার ও স্নানাগারের পরিকাঠামো গড়তে উদ্যোগী হবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি উৎসবের সময় অস্থায়ীভাবে বায়ো টয়লেটের ব্যবহার কীভাবে বাড়ানো যায় তাও মাথায় রাখতে হবে।



