Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অযোধ্যা পাহাড়ের যুবক-যুবতীদের চাকরির প্রস্তুতির আবাসিক প্রশিক্ষণ

অযোধ্যা পাহাড়ের যুবক-যুবতীদের এবার চাকরির প্রস্তুতির জন্য আবাসিক প্রশিক্ষণ শিবিরের সূচনা করল পুরুলিয়া জেলা পুলিস। তিন মাসের ওই আবাসিক প্রশিক্ষণ শিবিরে মূলত পুলিস এবং সেনাবাহিনীতে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

অযোধ্যা পাহাড়ের যুবক-যুবতীদের চাকরির প্রস্তুতির আবাসিক প্রশিক্ষণ
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: অযোধ্যা পাহাড়ের যুবক-যুবতীদের এবার চাকরির প্রস্তুতির জন্য আবাসিক প্রশিক্ষণ শিবিরের সূচনা করল পুরুলিয়া জেলা পুলিস। তিন মাসের ওই আবাসিক প্রশিক্ষণ শিবিরে মূলত পুলিস এবং সেনাবাহিনীতে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ‘প্রেরণা’ নামে ওই প্রশিক্ষণ শিবিরে জেলা পুলিসের আধিকারিক থেকে শুরু করে চাকরির পরীক্ষার জন্য পেশাদার প্রশিক্ষক সংস্থাও অনলাইনে প্রশিক্ষণ দেবে। শনিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সিএডিসি ক্যাম্পাসের জেলা পুলিসের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত, পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা পুলিসের আধিকারিকরা। 

Advertisement

এদিন পুলিস সুপার বলেন, অযোধ্যা পাহাড় একসময় মাওবাদী উপদ্রুত এলাকা হিসাবেই পরিচিত ছিল। এখন সেসব অতীত। একদিকে যেমন অযোধ্যা পাহাড়ে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে,সেই সঙ্গে পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে। আগেও জেলা পুলিসের উদ্যোগে চাকরির প্রস্তুতির জন্য কোচিং এর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সপ্তাহে এক বা দু’দিনের ওই কোচিংয়ে খামতি থেকে যাচ্ছে। তাই তিন মাসের আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। অযোধ্যা পাহাড় সংলগ্ন ৯৩টি গ্রামের ২৬৪ জন যুবক-যুবতী আবেদন করেছিলেন। ৫৬ জনকে প্রশিক্ষণ শিবিরের জন্য বাছাই করা হয়েছে। তারমধ্যে ১৪ জন যুবতী। পুলিস সহ প্যারামিলিটারিতে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই আবাসিক শিবির বিশেষ ভূমিকা নেবে। অযোধ্যা পাহাড়ের যুবকযুবতীদের মধ্যে সাহস,পরিশ্রম করার ক্ষমতা থেকে যোগ্যতা কোনও কিছুই কম নেই। শুধু দরকার একটু পদ্ধতি মেনে পড়াশোনা এবং আউটডোর প্রশিক্ষণ। এক্ষেত্রে ইনডোর ক্লাসের পাশাপাশি আউটডোর কোচিং এর ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে চাকরির প্রস্তুতিতে নামকরা একটি কোচিং সেন্টারের সঙ্গে টাইআপ করে স্টাডি মেটেরিয়াল তৈরি করে তা দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণ সংস্থার শিক্ষকরাও অনলাইনেও কোচিং করাবেন। তিনমাস পরও ওই যুবক-যুবতীদের চাকরির প্রস্তুতিতে সাহায্য করা হবে। পরীক্ষার আগে আরও একমাস আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান পুলিস সুপার। 
এদিনের অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত মাহাত বলেন, আবাসিক শিবির করে প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ অভিনব। পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে এতজন প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়েছেন এটা বড় বিষয়। সেই সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি যুবক-যুবতীদের অনেক পরিশ্রম জারি করতে হবে। প্রশিক্ষণ নিতে আসা পড়শিয়ার বাবুধন মান্ডি, ভুঁইঘরার সোমলাল বাস্কে বলেন, উচ্চমাধ্যমিক এবং কলেজ পাশ করার পরই চাকরির প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবলেও সুযোগ ছিল না। বাইরে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার মতো আর্থিক সামর্থও নেই। পুরুলিয়া জেলা পুলিস এই প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় অনেকটাই সুবিধা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ