অর্ক দে, কলকাতা: মহম্মদ আলি পার্কের আংশিক ভূগর্ভস্থ জলাধারের অবস্থা ভালো নয়। সেটির ব্যাপক সংস্কার প্রয়োজন। তার জন্য বিকল্প হিসাবে মার্কাস স্কোয়ারে নতুন জলাধার তৈরির পরিকল্পনা বহু দিন আগেই নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তিন-চার বছর আগের সেই উদ্যোগের অগ্রগতি যৎসামান্যই। সবে শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। বিকল্প জলাধার তৈরির দায়িত্বও কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ ঘুরে এখন পানীয় জল সরবরাহ বিভাগের হাতে এসেছে। কবে মার্কাস স্কোয়ারে জলাধার নির্মাণের কাজ শেষ হবে, কবে মহম্মদ আলি পার্কের জলাধার মেরামতিতে হাত দেওয়া যাবে—এসব এখন লাখ টাকার প্রশ্ন!
মহম্মদ আলি পার্কের বিকল্প হিসাবে মহাজাতি সদনের পিছনে, কলেজ স্ট্রিটের মার্কাস স্কোয়ারে জলাধার নির্মাণের পরিকল্পনা হয় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পরিচালিত তৃণমূল বোর্ডের সময়েই। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে এনিয়ে কাজ চালাচ্ছিল পুরসভার জল সরবরাহ বিভাগ। পরে তা পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের হাতে আসে। জানা যাচ্ছে, ২০২৪ সালের মার্চ মাসে এই কাজের টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল। খরচ ধরা হয় ৪২ কোটি টাকা। কিন্তু তারপর কাজ একচুলও এগয়নি। স্থানীয় রাজনৈতিক সমস্যার কারণে সেই কাজ শুরু করা যাচ্ছিল না বলে খবর। তৎকালীন মেয়র দাবি করেছিলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা রেয়াত করা হবে না। স্থানীয় স্তরের রাজনৈতিক বিরোধিতায় উন্নয়ন আটকাতে পারে না।’ তিনি এবং উদ্যান বিভাগের তৎকালীন মেয়র পারিষদ দেবাশিস কুমার মার্কাস স্কোয়ারের অবস্থা সরেজমিনে পরিদর্শনও করেছিলেন। ঠিক হয়েছিল, মাঠের যতটা সম্ভব কম ক্ষতি করে আংশিক ভূগর্ভস্থ এই জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। কিন্তু তারপরও কাজ চালু করা যায়নি। পালাবদল পরবর্তী সময়ে পরিস্থিতি বদলে যায়। পুর-আধিকারিকরা জানাচ্ছেন, চলতি বছর ফেব্রুয়ারি মাসে মার্কাস স্কোয়ারে মাটি কাটার কাজ শুরু হয়েছিল। তারপর ভোটের জন্য বন্ধ হয়ে যায়। এখন আবার পাইলিং শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানাচ্ছে, যেহেতু মার্কাস স্কোয়ারে শিশুদের পার্কের পাশাপাশি বড়োদের খেলার জন্য মাঠ রয়েছে, তাই সেখানে জলাধার নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক কিছু জটিলতা ছিল। অভিযোগ, জলাধার নির্মাণ করা হলে মাঠ থাকবে না—এই কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে অসন্তোষ, ঝামেলা পাকাচ্ছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এখন সেই পরিস্থিতির বদল হয়েছে।
উল্লেখ্য, মহম্মদ আলি পার্কের জলাধারটি ব্রিটিশ আমলে তৈরি। সেটি পার্কের প্রায় ৭৫ শতাংশ দখল করে রয়েছে। ২০১৯ সালে এই জলাধারে ফাটল দেখা দেয়। ধস নামে পার্কের একাংশে। জলাধারের গভীরতা প্রায় ২০ ফুট। সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল ও পুরসভার পদস্থ আধিকারিকরা পরিদর্শন করে সার্বিক সংস্কারের কথা বলেন। কিন্তু মহম্মদ আলি পার্কের জলাধার বন্ধ না রেখে সেই সংস্কার সম্ভব নয়। আবার প্রায় সাড়ে চার মিলিয়ন গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন এই জলাধার বন্ধ রাখাও অসম্ভব। মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় এখান থেকেই পানীয় জল সরবরাহ করা হয়। নির্ভরশীল প্রায় পাঁচ লক্ষ মানুষ। তাই মার্কাস স্কোয়ারে সমপরিমাণ ধারণক্ষমতাসম্পন্ন বিকল্প জলাধার নির্মাণ করে মহম্মদ আলি পার্কের জলাধার সংস্কারের সিদ্ধান্ত হয়।



