নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশেষ বিদ্যালয়ের আবাসিক পড়ুয়াদের খাবার ও থাকার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে সরকারকে চিঠি দিল রাজ্য প্রতিবন্ধী সম্মিলনি। চিঠি দেওয়া হয়েছে রাজ্যের জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রান্থাগার মন্ত্রীকে। এই বরাদ্দ বৃদ্ধি না-হওয়ায়, যেসব সমস্যা হচ্ছে, তা বিশদে তুলে ধরা হয়েছে ওই চিঠিতে। সেটি লিখেছেন সম্মিলনির সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।
জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অধীন এই বিশেষ বিদ্যালয়ের আবাসিক পড়ুয়াদের জন্য প্রতিমাসে মাথাপিছু বরাদ্দ ২,২০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করার আবেদন জানানো হয়েছে। সম্প্রতি অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অধীন আবাসিক পড়ুয়াদের খাবার ও অন্যান্য খরচের বরাদ্দ ৩,৩০০ টাকা করা হয়েছে। চিঠিতে তুলে ধরা হয়েছে এই সাম্প্রতিক দৃষ্টান্তও। এই প্রসঙ্গে বিভাগীয় মন্ত্রী গৌরীশংকর ঘোষ বলেন, ‘বিষয়টি নবান্নের নজরে রয়েছে। বরাদ্দ বৃদ্ধির বিষয়টি শীঘ্রই ঘোষণা হতে পারে। পড়ুয়াদের স্বার্থে সমস্যাটি ইতিবাচক দৃষ্টিতেই দেখা হচ্ছে।’



