নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বরে বড়োসড়ো সুদবৃদ্ধির পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ২ থেকে ৪ ডিসেম্বর মুদ্রানীতি কমিটির বৈঠকে রয়েছে। সেখানেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ বাড়তে পারে বলে মনে করছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। তা ৫.৫ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করা হতে পারে।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির রিপোর্টে বলা হয়েছে, এখন ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি প্রায় নিশ্চিত, যা আগে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছিল। অক্টোবরে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি বেড়ে যাওয়া, আগামী দিনের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ আর দেরি করে সুদ বাড়ালে পরে সমস্যা বাড়তে পারে, এই ধারণা থেকেই ডিসেম্বরেই রেপো বাড়াতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এসবিআইয়ের দাবি, ৬ শতাংশই হতে পারে চলতি সময়ের সর্বোচ্চ রেট। এরপর ২০২৭-২৮ অর্থবর্ষে দীর্ঘ বিরতি থাকবে বলে মনে করছে তারা। কারণ, নভেম্বরে মূল্যবৃদ্ধি শীর্ষে পৌঁছে, ২০২৮ সালের মার্চের মধ্যে তা আবারও নীচের দিকে নামবে বলে মনে করা হচ্ছে। তা ৪ শতাংশের দিকে নামতে পারে। ফেব্রুয়ারিতে বাজেট, আর মার্চ থেকে রাজ্যে ভোটের মরশুম থাকায় এপ্রিলে সুদ বাড়ানো কঠিন হবে বলেও মনে করছে তারা। প্রসঙ্গত, রেপো বাড়লে ব্যাংকগুলিও ঋণের উপর সুদের হার বাড়ায়। তাই বাড়ি-গাড়ি-ব্যক্তিগত ঋণসহ সব ধরনের ঋণের ইএমআই বৃদ্ধির আশঙ্কা থাকছে।



