Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চলতি অর্থবর্ষের শেষে রেপো রেট নামতে পারে ৫ শতাংশে

সরকারি পরিসংখ্যান অনুযায়ী মূল্যবৃদ্ধির চাপ কমছে। এর হাত ধরে স্বস্তি মিলতে পারে গাড়ি ও বাড়ির ঋণের কিস্তিতে। কারণ, চলতি অর্থবর্ষ জুড়ে দফায় দফায় রেপো রেট কমিয়ে আনতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

চলতি অর্থবর্ষের শেষে রেপো  রেট নামতে পারে ৫ শতাংশে
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি পরিসংখ্যান অনুযায়ী মূল্যবৃদ্ধির চাপ কমছে। এর হাত ধরে স্বস্তি মিলতে পারে গাড়ি ও বাড়ির ঋণের কিস্তিতে। কারণ, চলতি অর্থবর্ষ জুড়ে দফায় দফায় রেপো রেট কমিয়ে আনতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তা ৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে। সোমবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি রিসার্চ রিপোর্টে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক যে রেপো রেট ঘোষণা করে, ব্যাঙ্কগুলি তার উপর নির্ভর করে আমানত ও ঋণের উপর সুদের হার নির্ধারণ করে। ফলে, সত্যিই যদি আরবিআই রেপো রেট কমায়, তাহলে যেমন ঋণের উপর সুদের হারে স্বস্তি পাবেন সাধারণ মানুষ, তেমনই আমানতের উপরও সুদের হার কমার সম্ভাবনাও থেকে যাচ্ছে।  

Advertisement

দীর্ঘ কয়েক বছর পর আরবিআই গত ফেব্রুয়ারিতে রেপো রেট কমিয়েছিল ০.২৫ শতাংশ। তার আগে পর্যন্ত সেই হার ছিল ৬.৫ শতাংশ। চলতি আর্থিক বছরের গোড়ায়, অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিলে তা আরও ০.২৫ শতাংশ কমানো হয়। ফলে বর্তমানে দেশে ৬ শতাংশ হারে রেপো কার্যকর রয়েছে। 
স্টেট ব্যাঙ্ক তাদের পূর্বাভাসে বলেছে, জুন এবং আগস্টে দু’দফায় রেপো রেট কমাতে পারে আরবিআই। সেক্ষেত্রে চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমবে। অর্থবর্ষের শেষ ৬ মাসে তা আরও ৫০ বেসিস পয়েন্ট কমার সম্ভাবনা আছে। এসবিআই তাদের রিপোর্টে দাবি করেছে, টুকটাক করে রেট না কমিয়ে, একবারে ৫০ বেসিস পয়েন্টের মতো ‘বড়সড়’ ছাঁটাই অনেক বেশি কার্যকর হতে পারে।  গ্রাহক মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার গত মার্চে কমে হয়েছে ৩.৩৪ শতাংশ। এই হার গত ৬৭ মাস অর্থাৎ প্রায় ৬ বছরে সর্বনিম্ন, দাবি কেন্দ্রের। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হ্রাসের জেরেই মাথা নুইয়েছে মুদ্রাস্ফীতির হার। আগামী দিনেও এই প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতেই রেপো কমানোর পক্ষে সওয়াল করেছে এসবিআই।

সম্পর্কিত সংবাদ