Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁকা বাড়িতে বারবার চুরি, কুট্টিপাড়ায় পুলিসি টহল দাবি

ফাঁকা বাড়িতে বারবার চুরি, কুট্টিপাড়ায় পুলিসি টহল দাবি
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: বাইরে থেকে দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই বাড়ির ভিতর লোহার সিন্দুক থেকে সোনার গয়না, ইনভার্টার, গ্যাসের সিলিন্ডার, কাঁসার থালা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুরাতন মালদহ শহরের ৫ নম্বর ওয়ার্ডে কুট্টিপাড়া এলাকায় এক বয়স্ক মহিলার ফাঁকা বাড়িতে চুরির ঘটনার পর তিনি দাবি করেছেন, নকল চাবি বানিয়ে চুরি করা হয়েছে। কারণ দরজা বা জানালা ভাঙা ছিল না। কিন্তু প্রশ্ন উঠছে দুষ্কৃতীরা কীভাবে আসল চাবি থেকে নকল তৈরি করেছে? সোমবার বিকেলে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই রাতেই মালদহ থানার পুলিস মহিলার বাড়িতে তদন্ত করতে গিয়েছিল। মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে সিভিক ভলান্টিয়ারদের টহল দেওয়ার দৃশ্য দেখা যায়। বাড়ির মালিক সুমিতা গুপ্তা বলেন, ইংলিশবাজারে মেয়ের বাড়িতে কিছুদিন ছিলাম। সোমবার বিকেলে বাড়ি এসে তালা খুলে দেখি লাইট জ্বলছে না। ঠিক করানোর পর দেখা যায় সব লন্ডভন্ড। চোর সিন্দুকের চাবি খুঁজে সোনার গয়না, গ্যাস সিলিন্ডার, অনেক বাসনপত্র নিয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডে ছিঁচকে চোরের উপদ্রব বেড়েছে। নিয়মিত এলাকায় পুলিসের টহল দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফাঁকা বাড়ি টার্গেট করে চুরি করা হচ্ছে বলে খোদ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বশিষ্ঠ ত্রিবেদী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দিনের বেলা বাড়িতে কেউ না থাকলেই চুরি হচ্ছে। আমার অনুমান, যারা রাস্তায় জিনিস কুড়িয়ে বেড়ান, তাঁরাই একাজ করছেন। পুলিস তো সব বাড়ি পাহারা দিতে পারে না। আমাদের সতর্ক হতে হবে। বাইরের কাউকে দেখলে প্রশ্ন করতে হবে। মালদহ থানার পুলিস জানিয়েছে, চুরির অভিযোগ হয়নি। খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

চুরি বাড়ায় পুরাতন মালদহে টহল দিচ্ছে সিভিক। -নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ