নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ আমলের পানীয় জলের পাইপলাইন মেরামতি শুরু করার জন্য রেলের অনুমতি মিলেছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই কাজে হাত দেওয়া হবে। টালা উড়ালপুলের নীচে রেল ইয়ার্ডের মধ্যে কাজ হবে। তার জন্য পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের প্রাক্তন দুই ডিজি, বর্তমান ডিজি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছিল। কীভাবে কাজ হবে, কেমন কাজ হবে, সবটাই তদারকি করবে এই কমিটি। ইতিমধ্যে তার পরিকল্পনাও শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
এই সূত্রেই তাঁরা জানাচ্ছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি ৭২ ইঞ্চি ব্যাসের। এতটাই বড়ো যে ভিতরে মানুষ ঢুকে কাজ করতে পারবে। কিন্তু এক্ষেত্রে পাইপলাইনের কোথায় কোথায় ‘ক্ষত’ বা ফাটল তৈরি হয়েছে, তা নির্ধারণ করার জন্য টালা জলাধারের ভিতর থেকে (এন্ট্রি পয়েন্ট) পাইপলাইনে ঢোকা সম্ভব নয়। কারণ, ঘুটঘুটে অন্ধকার পাইপের ভিতরে পরিস্রুত পানীয় জলে মিশ্রিত ক্লোরিনের আস্তরণ পড়ে গিয়েছে। এখন জল না থাকায় তা ক্লোরিনের বিষাক্ত গ্যাসে ভরে আছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা না করে মানুষ ঢুকলে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া, টালা জলাধার থেকে রেল ইয়ার্ডে যেখানে পাইপলাইন ফেটেছে, তার দূরত্ব অনেকটাই। তাই ঠিক হয়েছে, টালা ব্রিজের নীচে যেখানে ফাটল দিয়ে জল বেরিয়ে এসেছিল, সেখানেই গর্ত খোঁড়া হবে। কমিটির এক সদস্য বলেন, ‘নিকাশির বিষাক্ত গ্যাস বার করতে যেমন ম্যানহোল খুলে ফেলে রাখা হয়, সেভাবেই গর্ত করে পাইপ কেটে ম্যানহোল তৈরি করতে হবে। বিষাক্ত গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা ফেলে রাখতে হবে। গ্যাসের প্রভাব পুরোপুরি কমে গেলে ভিতরে ঢুকে পাইপলাইনটি পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে। তাঁদের বিস্তারিত রিপোর্ট পুর-প্রশাসকের কাছে জমা পড়বে। তবে গোটা প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ।
প্রসঙ্গত, কালীপুজোর পরের দিন সকালে আচমকা টালা জলাধার থেকে শহরে পানীয় জল সরবরাহকারী এই পাইপলাইন ফেটে যায়। সেখান থেকে বেরিয়ে আসা জলে ওই অঞ্চলের বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। শহরে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটে। কয়েক দিনের মধ্যে বিকল্প পাইপলাইনের ব্যবস্থা করে শহরের জল সরবরাহ স্বাভাবিক করা হয়। যদিও মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন তল্লাটে জলের প্রেসার কমে গিয়েছে বলে অভিযোগ। একাধিক জায়গায় নতুন ভাল্ব বসিয়ে জলের চাপ বৃদ্ধির ব্যবস্থা হয়। এরপর শুরু হয় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতির জন্য চিন্তাভাবনা। বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জের। কারণ, মাটির প্রায় ২০-২২ ফুট নীচে রয়েছে পাইপটি। যেহেতু রেলের সীমানার মধ্যে কাজ, তাই রেলের অনুমতিও পাওয়া গিয়েছে। ফলে কাজ শুরু হওয়ায় স্রেফ কিছু সময়ের অপেক্ষা বলে জানাচ্ছেন পুর-আধিকারিকরা।



