বোর্ডহীন পুরসভার পুনর্বিন্যাস! প্রশাসকের এক্তিয়ারে সুপ্রিম প্রশ্ন
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচিত পুরবোর্ড ভেঙে গিয়েছে। বোর্ডহীন সেই পুরসভার এলাকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসক তথা পুর কমিশনার। তিনি কীভাবে সেই সিদ্ধান্ত নিতে পারেন? এর যৌক্তিকতা খতিয়ে দেখব! কলকাতা পুরসভার এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার প্রথমদিনের শুনানিতেই পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্নের মুখে ফেলল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে ছিল শুনানি। শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকারের আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। সময় দিলেই বলতে পারি।’ যদিও এদিন পূর্ণাঙ্গ শুনানির সময় হয়নি। আগামী কাল বুধবার ফের শুনানি হবে। 

Advertisement

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করেছে রাজ্য সরকার। ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি নিয়ে কারও সমস্যা নেই। আপত্তি শুধু পুর-এলাকা নিয়ে। কীসের ভিত্তিতে হচ্ছে এলাকা পুনর্বিন্যাস? সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই এমন সিদ্ধান্ত। সেই মামলায় কলকাতা হাইকোর্টে সমালোচনার মুখে পড়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিন বিবাদীর পক্ষে হাজির ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে তাঁদের কার্যত কিছু বলতেই হয়নি। রাজ্যের আইনজীবী তুষার মেহতাকে চেপে ধরে সর্বোচ্চ আদালত। প্রশ্ন তোলা হয়, যেখানে নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, সেখানে ওই সংস্থার সুপারিশের ভিত্তিতে কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা যায়? কী করে তা করতে পারেন পুর কমিশনার? 
সওয়াল শুনে রাজ্যের আইনজীবী বলেন, ‘পুর কমিশনার নিজে থেকে সুপারিশের সিদ্ধান্ত নেননি। রাজ্যের নির্দেশমতোই তিনি এ কাজ করেছেন। ১৯৮৪ সালে শেষবার ডিলিমিটেশন হয়েছিল। এখন ওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করেনি। স্রেফ গত ১১ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে। আপত্তি জানানোর জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।’ বিচারপতি বাগচী জানতে চান, কতজন আপত্তি জানিয়েছিলেন? তুষার মেহতা জানান, ২৮৫ জন। তবে শুনানিতে ৭৮ জন আসেননি। ফলে আপত্তি শোনা হয়নি, এটা কেউ বলতে পারবে না।
‘কিন্তু আমাদের তো একটাই প্রশ্ন!’ এমনই মন্তব্য করে শুনানির পর্যবেক্ষণে বিচারপতি বাগচী রাজ্যের উদ্দেশে বলেন, ‘ওয়ার্ড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত সরকার নিতেই পারে। সেক্ষেত্রে তো করতে হবে এলাকা পুনর্বিন্যাস। কিন্তু সেই সুপারিশ করার কাজ তো পুরসভার। আর মেয়র-ইন-কাউন্সিলই যেখানে নেই, সেখানে সরকার কাকে সুপারিশ করছে? পুরবোর্ড ভেঙে গিয়েছে। কর্পোরেশনের কমিশনার সেই সিদ্ধান্ত নিতে পারেন কি?’ জুতসই জবাব দিতে পারেননি তুষার মেহতা।