নিজস্ব প্রতিনিধি, তমলুক: জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় শুধু আমজনতা নয়, পুলিস ও তাঁদের পরিবারের ভিড় বেড়েছে। দীঘা পুলিস হলিডে হোম এবং দীঘা পুলিস ইন্সপেকশন বাংলো বুকিংয়ে হিড়িক পড়ে গিয়েছে। বুকিংয়ের লম্বা ওয়েটিং থাকছে। একসময় এই হলিডে হোম ঠিকমতো চলত না বলে রুমভাড়া কমিয়ে দিতে হয়েছিল। কিন্তু, গত ৩০এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর ছবিটা দ্রুত পাল্টেছে। পুলিস হলিডে হোমের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে পুলিস হলিডে হোম এবং ইন্সপেকশন বাংলোয় রুমভাড়া বৃদ্ধি করেছে রাজ্য পুলিস। এডিজি(ওয়েলফেয়ার) এর অফিস থেকে এসংক্রান্ত নির্দেশিকা প্রকাশ হয়েছে। আগামী ১৬জুন থেকে বর্ধিত রুমভাড়া কার্যকর হবে।
দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস সংলগ্ন সি-বিচের পাশেই পুলিস হলিডে হোমটি রয়েছে। সংস্কারের পর এই হলিডে হোম ঝকঝকে রূপ পেয়েছে। দীঘা থানা লাগোয়া পুলিস ইন্সপেকশন বাংলো রয়েছে। ওই বাংলোর সব রুমই শীতাতপ নিয়ন্ত্রিত। কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত ডিএসপি পদমর্যাদার অফিসারের নীচে র্যাঙ্কের অফিসাররা এখানে থাকতে পারেন না। দপ্তরের সুপারিশ করা ভিআইপিরাও থাকেন। কর্মরত পুলিস অফিসার ও কর্তাদের জন্য দৈনিক ভাড়া ৬০০থেকে বেড়ে হয়েছে ৮০০টাকা। অবসরপ্রাপ্তদের জন্য দৈনিক ভাড়া ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০০টাকা। পুলিসে কর্মরত নন এমন ভিআইপিদের ইন্সপেকশন বাংলোয় দৈনিক ভাড়া বেড়ে হয়েছে ১৪০০টাকা।
পুলিস হলিডে হোমে এসি এবং নন এসি দু’রকম রুম রয়েছে। রয়েছে ক্যান্টিন পরিষেবাও। এখানে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিস থেকে পুলিসের ইন্সপেক্টর এবং ডিপার্টমেন্টের সুপারিশ করা অন্য যে কেউ থাকতে পারেন। সিভিক ও ভিলেজ পুলিসে কর্মরত ও অবসরপ্রাপ্তদের নন এসি রুমের দৈনিক ভাড়া ১০০টাকা ও এসি রুমের ভাড়া বেড়ে হয়েছে ২৮০টাকা। হোমগার্ড, এনভিএফ, গ্রুপ-ডি কর্মীদের নন এসি ১৫০টাকা ও এসি রুমের ভাড়া ৩৫০টাকা হয়েছে। ২০থেকে ৫০শতাংশ পর্যন্ত ভাড়া বেড়েছে। কনস্টেবল, লেডি কনস্টেবল এবং টাইপিস্টদের জন্য নন এসি দৈনিক ৩০০টাকা, এসি রুমের ভাড়া ৫০০টাকা। এএসআই, পুলিস গাড়ির ড্রাইভারদের জন্য নন এসি ৪০০টাকা ও এসি রুমের ভাড়া ৫৫০টাকা। সাব ইন্সপেক্টরদের জন্য নন এসি ভাড়া বেড়ে হয়েছে ৫০০টাকা। এসি রুমের ভাড়া ৬৫০টাকা। পুলিস ইন্সপেক্টরদের জন্য নন এসির ভাড়া বেড়ে হয়েছে ৬০০টাকা, এসি রুমের ভাড়া হল ১২০০টাকা। কলকাতা পুলিস কিংবা রাজ্য পুলিস ছাড়া রাজ্যের অন্য সরকারি কর্মী ও অফিসারদের জন্য নন এসি ১০০০ টাকা ও এসি রুমের জন্য দিতে হবে ১২০০ টাকা। সাধারণ মানুষকে নন এসিতে ১২০০টাকা ও এসি রুমের জন্য ১৪০০টাকা দিতে হবে।