Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ির জল জমার সমস্যা মেটাতে কাঁদর সংস্কার শুরু

সিউড়ির জল জমার সমস্যা মেটাতে কাঁদর সংস্কার শুরু
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি পুরসভা এলাকার জলনিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। অল্প বৃষ্টি হলেই বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে। হাল ফেরাতে জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে পুরসভার তরফে কাঁদর সংস্কারের কাজ শুরু হল। শুরুতেই কাঁদর পরিষ্কারে জোর দেওয়া হয়েছে। আগাছা কেটে সরিয়ে ফেলা হচ্ছে। পরবর্তী ধাপে আর্থমুভার নামিয়ে কাঁদরে জমে থাকা আবর্জনা সহ মাটি তুলে ফেলা হবে। দ্রুত কাজ শেষ করতে চাইছে পুরসভা। পাশাপাশি শহরের ভিতরে নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে ড্রেন সংস্কারের কাজেও জোর দেওয়া হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুরুতেই বেহাল অবস্থায় থাকা উন্মুক্ত ড্রেনগুলি সাফাই করা হবে। তবে জবরদখল হয়ে থাকায় একাধিক জায়গায় কাজ করতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে পুরকর্তৃপক্ষ দখলদারদের বিরুদ্ধে নোটিস জারি করবে বলে স্পষ্ট করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, শহরের নিকাশি ব্যবস্থা ঠিক করার ব্যাপারে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। জেলাশাসকের নির্দেশে এদিন থেকে কাঁদর সংস্কারের কাজ শুরু হল। কাঁদরের বেশকিছু অংশ দখল হয়ে রয়েছে। প্রয়োজনে দখলদারদের বিরুদ্ধে নোটিস জারি করা হবে। এছাড়াও আগামী দিনে শহরের নানা প্রান্তে থাকা ড্রেনগুলিও সংস্কার করা হবে।  সিউড়ি পুরসভা এলাকার নানা প্রান্তের জল ড্রেনের মাধ্যমে কাঁদরে গিয়ে পৌঁছয়। শহরের ১২, ১৫, ১৬, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে ওই কাঁদর বয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাঁদরটি প্রায় ছ’কিলোমিটার। আগে কাঁদরটি অনেক বড় ছিল। যদিও বর্তমানে তা অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছে। ফলে কাঁদরের জলধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। পুরসভার দাবি, কাঁদরের জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় ভারী বৃষ্টির জেরে শহরের ২, ১৬ ও ১৯ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে।  জমা জলের সমস্যা মেটাতে সম্প্রতি পুরকর্তৃপক্ষ জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। এরপরই প্রশাসনিক আধিকারিকরা সরেজমিনে কাঁদর পরিদর্শন করেন। পরবর্তীতে পুরসভার কাছে কাঁদরের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। একটি ম্যাপ পুরসভার তরফে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। তারপরই কাঁদর সংস্কার শুরু হল। সংস্কারের কাজ চলাকালীনও এদিন জেলা প্রশাসনের কর্তারা কাঁদর পরিদর্শন করেছেন। পুরসভার দাবি, কাঁদর ও নিকাশি নালাগুলি সংস্কারের কাজ শেষ হলেই শহরে জল জমার সমস্যা মিটবে। স্থানীয়দের বক্তব্য, জেলা প্রশাসন ও পুরসভার তরফে কাঁদর সহ ড্রেনগুলি সংস্কারের ব্যাপারে আরও আগে উদ্যোগ নেওয়া দরকার ছিল। তবে দেরিতে শুরু হলেও দ্রুত সংস্কার হোক, বলছেন বাসিন্দারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ