Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অল্প বৃষ্টিতেই বারাকপুরে জল জমা রুখতে রুইয়া খালের সংস্কার শুরু

অল্প বৃষ্টিতেই বারাকপুরে জল জমা রুখতে রুইয়া খালের সংস্কার শুরু
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একটু বৃষ্টিতেই বারাকপুর শহরের বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হল কল্যাণী এক্সপ্রেসওয়ে সাড়ে তিন ফুট উঁচু হয়ে যাওয়া। তার ফলে বারাসত রোড, সেন্ট্রাল রোড, ওল্ড ক্যালকাটা রোডে জল দাঁড়িয়ে যাচ্ছে। শুধু বারাকপুর পুরসভা এলাকা নয়, শিউলি, মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জল জমে যাচ্ছে। সমস্যায় পড়ে সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তা অবরোধও করছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে রুইয়া খাল সংস্কারের কাজ শুরু করল বারাকপুর পুরসভা। লক্ষ্য ওই খালের জলধারণ ক্ষমতা বৃদ্ধি। কারণ বারাকপুর শহরে জল নিকাশির অন্যতম মাধ্যমই হল রুইয়া খাল।

Advertisement

এদিকে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাবনপুর এলাকায় জল জমে যাওয়ায় বৃহস্পতিবার পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চলে আসে মোহনপুর থানার পুলিস। আসেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর। তিনি বাসিন্দাদের অবরোধ তোলার অনুরোধ করেন। তিনি বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে উঁচু হওয়ার জল জমে যাচ্ছে। জল বের করার পরিকল্পনা করা হচ্ছে। এলাকার মহিলারা পঞ্চায়েত প্রধানের সামনেই বিক্ষোভ দেখান। এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
জল জমার যন্ত্রণা কমাতে সিদ্ধান্ত হয়েছে, ওয়ারলেস মোড় থেকে নীলগঞ্জ খাল পর্যন্ত একটি ড্রেন তৈরি করা হবে। কিন্তু সেটি তৈরি না হওয়ায় জল নিকাশি হচ্ছে না। ফলে টানা বৃষ্টিতে মোহনপুর, শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জমে যাচ্ছে। বারাকপুর পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের সদস্য নওশাদ আলম বলেন, রুইয়া খাল দিয়ে বিস্তীর্ণ এলাকার জল নিকাশি হয়। আমরা এই খাল সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। এর ফলে মানুষ জল জমার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে বলে আশা করছি।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ