Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্যদ্বারের বাকি কাজ শুরু

দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্যদ্বারের বাকি কাজ শুরু
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘার জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্যদ্বারের বাকি কাজ শুরু হল। ৩০এপ্রিল মন্দির উদ্বোধন হয়। তার আগেই মন্দিরের সামনে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপর থাকা চৈতন্যদ্বারটি দর্শনার্থী এবং সকলের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে কিছু কাজ বাকি ছিল। এদিন সেই কাজ শুরু হল। কাজ শেষ করার জন্য ফের সপ্তাহখানেকের জন্য ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মূল রাস্তা বন্ধ থাকতে পারে বলে জানা গিয়েছে। এর আগে চৈতন্যদ্বার তৈরির কাজ চলাকালীন প্রায় এক মাস রাস্তা বন্ধ ছিল। জগন্নাথ মন্দিরের সামনের নেচার পার্কটিরও পরিকাঠামো বাড়ানো হবে। 

Advertisement

মঙ্গলবার জেলাশাসক পূর্ণেন্দু মাজী নেচার পার্ক পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। জগন্নাথ মন্দিরের সামনে ঝাউবনের মধ্যে অবস্থিত এই পার্ক দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে আগেই সেজে উঠেছে। 
ঠিক মন্দিরের সামনে থাকায় পার্কটির আলাদা গুরুত্ব রয়েছে। এদিন পরিদর্শনের সময় পার্কটি আরও আকর্ষণীয় করার লক্ষ্যে কী কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনা করেন জেলাশাসক। 
জানা গিয়েছে, পরিবেশ-বান্ধব পার্কে আরও জীবজন্তুর মডেল বসানো হবে। পাখি যাতে এসে বসতে পারে কিংবা বিশ্রাম নিতে পারে তার জন্য বিশেষ আস্তানা তৈরি করা হবে। পর্যটকদের বসার জন্য কংক্রিটের আসনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া আরও আলোর পরিকাঠামো তৈরি করা হবে বলে জানা গিয়েছে। জেলাশাসক বলেন, জগন্নাথ মন্দিরে দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। মন্দির সহ আশপাশের এলাকা ঘিরে আরও কিছু কাজ বাকি রয়েছে। ধীরে ধীরে প্রতিটি কাজ সম্পন্ন করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ