


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেটে বরাদ্দ হয়। বছর বছর তা বাড়ানোও হয়। কিন্তু বরাদ্দকৃত অর্থ খরচ করা হয় না। এমনকী বছরের শেষার্ধে সংশোধিত বাজেটে বরাদ্দ ছাঁটাইও হয়। অথবা বরাদ্দকৃত অতিরিক্ত অর্থ মন্ত্রকের কাছে পড়ে থাকে কিংবা ফেরৎ দেওয়া হয় অর্থমন্ত্রককে। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে এব্যাপারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কমিটির রিপোর্ট সংসদে পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই প্রবণতা সবথেকে বেশি দেখা যাচ্ছে দেশের তফসিলি, ওবিসি,অনগ্রসর, মহাদলিতদের শিক্ষা সংক্রান্ত সরকারি প্রকল্পগুলিতে। কোথাও সময়মতো সরকারি স্কলারশিপ দেওয়া হয় না। কোথাও আবার প্রকল্পে বরাদ্দ করা হয়, কিন্তু খরচ করা হয় না।
রিপোর্টে বলা হয়েছে, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশের শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে এই প্রবণতার কারণ কিছুতেই বোধগম্য হচ্ছে না। ২০২৫-২৬ আর্থিক বছরে সামাজিক ন্যায়মন্ত্রকের এই অনগ্রসর শ্রেণির শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছিল ১১ হাজার ৪০২ কোটি টাকা। কিন্তু ব্যয় হয়েছে ৭ হাজার ৩১৭ কোটি টাকা। চলতি আর্থিক বছরে অসমাপ্ত হতে চলেছে। অথচ এখনও ৩০ শতাংশ বরাদ্দকৃত অর্থ ব্যয়ই হয়নি। স্ট্যান্ডিং কমিটি রিপোর্টে বলেছে, প্রতি বছর সংশোধিত বাজেটে নিয়ম করে ২৫ থেকে ৩০ শতাংশ বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। সামাজিক ন্যায়মন্ত্রকের তফসিলি সম্প্রদায় সংক্রান্ত বিভাগের জন্য পূর্ববর্তী আর্থিক বছরে বরাদ্দ হয়েছিল ১০ হাজার ৩০৯ কোটি টাকা। অথচএই টাকাও মন্ত্রক খরচ করতে ব্যর্থ হয়েছে। তাই ফেরৎ চলে গিয়েছে ২৩৪৫ কোটি টাকা। অনগ্রসর শ্রেণির উন্নয়ন বিভাগের থেকে ৫৪০ কোটি টাকা ফেরৎ চলে গিয়েছে। একই অবস্থা সামাজিক প্রতিরক্ষা ডিভিশনের। সেখানে বরাদ্দ অতি সামান্য। ৪১২ কোটি টাকা। সেটা পর্যন্ত মন্ত্রক খরচ করতে পারেনি। ৮০ কোটি টাকা ফেরৎ চলে গিয়েছে। এর অর্থ হল, পরবর্তী সময়ে বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হবে। কারণ বরাদ্দ হলেও খরচ করতে পারছে না মন্ত্রক। অনগ্রসর শ্রেণির শিক্ষাগত উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হওয়া সত্ত্বেও বছরের পর বছর যখন একই প্রবণতা দেখা যাচ্ছে, সেটা কী বার্তা বহন করে? স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বলেছে, সম্ভবত কীভাবে বরাদ্দের অর্থ ব্যয় করা হবে, সেব্যাপারে কোনও পরিকল্পনাই থাকছে না। কোনও যোগ্য এজেন্সির মাধ্যমে পরিকল্পনা রূপায়ণ হওয়ার কথা। স্ট্যান্ডিং কমিটি বলেছে, সেরকম কোনও রূপরেখা যে নেই সেটাও প্রমাণিত।