Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিদেশে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীকে তিন তালাক, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিদেশে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীকে তিন তালাক, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
  • ৭ জুন, ২০২৬ ১০:১৬
Prefer us on Google

জয়পুর, ৭ জুন: কুয়েতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল এক ভারতীয় প্রবাসীর বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে রাজস্থানের বানসওয়ারা জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বানসওয়ারার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক গৃহবধূ। অভিযোগে তিনি দাবি করেন, গত ১৭ মে তাঁর স্বামী হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে তিন তালাক ঘোষণা করেন এবং বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার কথা জানান। এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

অভিযুক্ত আশিক ইকবাল বানসওয়ারার গোরখ ইমলি এলাকার বাসিন্দা। গত এক বছর ধরে তিনি কুয়েতে কর্মরত। অভিযোগকারী মহিলার দাবি, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। স্বামী যখনই কুয়েত থেকে দেশে ফিরতেন, প্রথম কয়েকদিন সম্পর্ক স্বাভাবিক থাকলেও পরে তুচ্ছ বিষয় নিয়ে অশান্তি, মারধর ও মানসিক নির্যাতন শুরু হতো বলে অভিযোগ। বর্তমানে ওই মহিলা তাঁর ১৬ ও ১০ বছর বয়সি দুই ছেলেকে নিয়ে আলাদা থাকেন। তিনি জানান, স্বামীর থেকে দূরে থেকে একাই সন্তানদের লালনপালন করছেন। তবুও স্বামী দেশে এলে নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। হোয়াটসঅ্যাপে তিন তালাকের বার্তা পাওয়ার পরই তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। 

পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলির বয়ান রেকর্ড করা হবে। অভিযুক্ত বর্তমানে বিদেশে থাকায় আইনসম্মত পদ্ধতিতে তাঁর বক্তব্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানোর প্রস্তুতি চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ