সংবাদদাতা, দেওয়ানহাট: সাধারণ মানুষের জন্য আসা সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে ফেলে রাখা হয়েছিল পুরসভার বন্ধ ঘরে। সরকার পরিবর্তনের পর সেসব উদ্ধার করতে পুর কর্তাদের নিয়ে ঘরের তালা খুলিয়েছিলেন দিনহাটার পদ্ম বিধায়ক। অজস্র ধুতি, শাড়ি, ত্রিপল সহ জামাকাপড় উদ্ধার হয়েছিল সেদিন। বৃহস্পতিবার কিছু ত্রিপল দুঃস্থদের মধ্যে বিলি করলেন বিধায়ক অজয় রায়। যা পেয়ে খুশি বাসিন্দারা।
অভিযোগ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দিনহাটার হেমন্ত বসু কর্নারে থাকা মুক্তমঞ্চের কয়েকটি ঘরে সরকারি ত্রাণ সামগ্রী ফেলে রেখেছিলেন। রাজ্যে বিজেপি সরকার আসার পর বিধায়ক খবর পান ওই ঘরগুলিতে প্রচুর ত্রাণ সামগ্রী পড়ে আছে। এরপর গত ৯ জুন মুক্তমঞ্চের ওই ঘরগুলির তালা খুলতে দিনহাটা পুরসভার এগজিকিউটিভ অফিসারকে নিয়ে হাজির হয়েছিলেন পদ্ম বিধায়ক। তালা খুলতেই চক্ষু চড়কগাছ হয়েছিল সকলের। ঘরের ভিতরে থরে থরে রাখা বস্তায় ত্রাণের শাড়ি, ধুতি, শিশুদের জামাকাপড় সহ কয়েক হাজার ত্রিপল পড়েছিল। ওসব সামগ্রী বিলি না করে বছরের পর বছর বন্ধ ঘরে রেখে দেওয়ায় অনেক সামগ্রী পচেও গিয়েছিল। বৃহস্পতিবার শিবির করে উদ্ধার হওয়া কয়েক হাজার ত্রিপল সাধারণ মানুষের মধ্যে বিলি করা হল। এমএলএ অজয় রায় নিজে উপস্থিত থেকে ওসব বিলি করেন।
নিগমনগরের বাসিন্দা গীতা দাস বলেন, গরিব মানুষের জন্য আসা ত্রাণ সামগ্রী বিলি না করে আগের বিধায়ক ফেলে রেখেছিলেন। আমার রান্নাঘরের চাল দিয়ে বৃষ্টির দিনে জল পড়ে। একটা ত্রিপলের খুব দরকার ছিল। এদিন নতুন বিধায়ক আমদের মতো গরিবদের হাতে সেই ত্রিপল তুলে দিলেন। খুবই খুশি আমি। বর্ষায় প্রতিদিনই রান্না করতে গিয়ে ভিজে যাচ্ছি। এই ত্রিপল দিয়ে রান্নাঘরের চাল দেব।
বিধায়ক অজয় রায় বলেন, ত্রাণের সামগ্রী বিলি না করে কয়েকটি ঘরে মজুত করে রাখা হয়েছিল। দীর্ঘদিন তালা বন্ধ করে ফেলে রাখায় বেশকিছু ত্রাণ সামগ্রী নষ্টও হয়ে গিয়েছে। ওসব বাছাই করা হচ্ছে। এদিন কিছু প্রকৃত দুঃস্থ মানুষের হাতে আমরা ত্রিপল তুলে দিলাম। পুরসভার মুক্তমঞ্চের ওই ঘরগুলি আগের বিধায়ক উদয়ন গুহ গোডাউন হিসেবে ব্যাবহার করতেন।