Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গোবরডাঙায় প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার নানা ত্রাণসামগ্রী, বিক্ষোভ

প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হল সরকারি ত্রিপল, কম্বল সহ ত্রাণসামগ্রী।

গোবরডাঙায় প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার নানা ত্রাণসামগ্রী, বিক্ষোভ
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হল সরকারি ত্রিপল, কম্বল সহ ত্রাণসামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে শোরগোল পড়ে যায় গোবরডাঙা শহরে। প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সামগ্রী বাড়িতে মজুত রাখা হয়েছিল। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী। পরে উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ সরিয়ে নিয়ে যায়।

Advertisement

জানা গিয়েছে, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১০ বছর গোবরডাঙা পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সুভাষ দত্ত। তারপর বছর দু’য়েক পুরসভার প্রশাসকের দায়িত্বও সামলেছেন তিনি। ২০২২ সালে পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে জেতেন তিনি। তবে, এলাকায় সুভাষ তৃণমূল নেতা বলেই পরিচিত। রাজ্যে পালাবদলের পর ১৪ জুলাই কাউন্সিলার হিসাবে পদত্যাগ করেছেন তিনি। এরপর পুর-কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, বাড়িতে থাকা সরকারি সামগ্রী ফিরিয়ে নিয়ে যেতে। এর মধ্যেই সোমবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে জোর চর্চা।
এদিন দুপুরে আচমকাই সুভাষ দত্তের বাড়ির সামনে জড়ো হন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বাড়ির ভিতরে এবং বিশেষ করে গাড়ির গ্যারাজে সরকারি সামগ্রী রাখা রয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় খবর যায় থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এনিয়ে সুভাষবাবু বলেন, আমি ১০ বছরের চেয়ারম্যান। শেষে আমি নির্দল কাউন্সিলার হয়েছিলাম। সেটা থেকেও সদ্য পদত্যাগও করেছি। সামগ্রী ফিরিয়ে নেওয়ার জন্য পুরসভাকে বলেছিলাম একাধিকবার। এদিন যা উদ্ধার হয়েছে, সেগুলি পুলিশ নিয়ে গিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ