Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শ্রেয়সকে ছাড়াটা বড় ভুল ছিল, মানলেন প্রাক্তন কোচ পণ্ডিত

রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গেলে বাকি সাতটি ম্যাচেই জিততে হবে নাইটদের।

শ্রেয়সকে ছাড়াটা বড় ভুল ছিল, মানলেন প্রাক্তন কোচ পণ্ডিত
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

লখনউ: রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গেলে বাকি সাতটি ম্যাচেই জিততে হবে নাইটদের। একটিতে হারলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের পারফরম্যান্সের দিকে। এই আবহেই বোমা ফাটালেন নাইটদের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ২০২৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে ‘রিটেইন’ না করার সিদ্ধান্ত মস্ত বড় ভুল বলে মেনে নিলেন তিনি।

Advertisement

এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পণ্ডিতের বক্তব্য, ‘শ্রেয়স অসাধারণ ক্রিকেটার। নাইটদের হয়ে ট্রফি জয়ে পথ দেখিয়েছিল। নেতা হিসেবে প্রশংসা প্রাপ্য ওর। কিন্তু কখনও কখনও উদ্ভূত পরিস্থিতি ও বৃহত্তর রণকৌশলের কারণে এমন ক্রিকেটারকে ছাড়তে বাধ্য হতে হয়। কেকেআর কোচ হিসেবে সেই সময় খারাপ লেগেছিল আমার। ইচ্ছাকৃতভাবে শ্রেয়সকে ছাড়া হয়নি। তবু ভুলটা ভুলই। অবশ্য শুধু শ্রেয়স নয়, ফিল সল্ট এবং আরও কয়েকজনের ক্ষেত্রেও আমার এমনটাই উপলব্ধি।’ উল্লেখ্য, ২০২৪ সালে আইপিএল জয়ী কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ক্রিকেট মহলের ধারণা, শ্রেয়সের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক ছিল না। সেজন্যই পরের বছর কাপজয়ী ক্যাপ্টেনকে দলে রাখেনি নাইটরা।
গত দু’বছর ধরে কলকাতা যোগ্য ক্যাপ্টেনের অভাবেই ভুগছে। শ্রেয়সের পর থেকে আর এক মুম্বইকর, অজিঙ্কা রাহানেই নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু গত বছর সাত নম্বরে শেষ করেছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এবারও পরিস্থিতি ভালো নয়। সবার নীচে, দশ নম্বরে রয়েছে কলকাতা। সাত ম্যাচে জয় মাত্র একটিতে। গত ম্যাচে সেটাও এসেছে খানিকটা ভাগ্যের সহায়তায়। নাহলে আরও করুণ দেখাত নাইটদের অবস্থা।
রাহানের নেতৃত্ব যেমন সমালোচিত হচ্ছে, তেমনই চিন্তায় রাখছে তাঁর ফর্ম। শেষ দুই ইনিংসে খাতা খুলতে পারেননি তিনি। পাশাপাশি, ফিন অ্যালেন, টিম সেইফার্টের ফর্মও উদ্বেগ বাড়াচ্ছে। দুই ওপেনারের কেউই ভরসা দিতে পারেননি। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে রবিবার খেলাতে পারে কেকেআর। সেক্ষেত্রে কোন বিদেশিকে বসানো হবে, তা নিয়ে জল্পনা চলছে। শুক্রবার একানা স্টেডিয়ামে অবশ্য তিন ঘণ্টা ধরে জোরদার প্র্যাকটিস করতে দেখা গেল নাইটদের।

সম্পর্কিত সংবাদ