নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটিতে বিজেপি নেত্রীর স্বামীর মৃত্যুর ঘটনায় দলের যুবনেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। পুলিশ ওই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। একথা জানার পর ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। ঘটনার দুদিন পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। তা নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে তো বটেই, বিজেপির অন্দরেও ব্যাপক জলঘোলা শুরু হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটিতে বিধায়ক গোষ্ঠী বনাম জেলা সভাপতি গোষ্ঠীর লড়াই চরমে উঠেছে।
শনিবার রাতে সোদপুর হাইস্কুলের কাছে সাইডিং বাজার লাগোয়া ঈশ্বরচন্দ্র স্ট্রিটের একটি দোকানের সামনে বিজেপির দুই গোষ্ঠীর ঝামেলা বাধে। অভিযোগ, ঝামেলা মেটাতে গেলে বিজেপির স্থানীয় মণ্ডল সম্পাদক রুমা সাহার উপর দলবল নিয়ে চড়াও হন দলের পানিহাটি ১ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অরূপ সাহা (৪৯)। তাঁকে ধাক্কা মারা হয়। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রুমাদেবী খড়দহ থানায় রাজদীপ দাস, সুরজিৎ বিশ্বাস, রাজা তহশিলদার ও পায়েল তহশিলদারসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, অভিযুক্তদের সঙ্গে কমপক্ষে ৪০ জন উপস্থিত ছিল। রবিবার প্রথমে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে বলে অভিযোগ। পরে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ ও বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর উপস্থিতিতে পুলিশ অভিযোগ নেয়। প্রশাসনিক তদন্তের পশিাপাশি পানিহাটির এই ঘটনা নিয়ে দলীয় স্তরে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিজেপি। সাংসদ রাহুল সিনহার নেতৃত্বাধীন এই কমিটি ঘটনা নিয়ে একটি রিপোর্ট দেবে দলের রাজ্য সভাপতিকে। এই ঘটনায় বিজেপির অন্দরে যে তুলকালাম চলছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।
সোদপুর ২ নম্বর দেশবন্ধুনগরের যে আবাসনে অরূপবাবুর বাড়ি, সোমবার সেখানে গিয়ে দেখা গেল, তাঁর স্ত্রী ও স্কুলপড়ুয়া দুই মেয়ে তখনও কেঁদে চলেছে। অরূপবাবুর দাদা অধীর সাহা বলেন, ‘ঝামেলার খবর পেয়ে আমার ভাই ও বউমা ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে ভাইকে বেধড়ক মারধর করা হয়। তাঁর সামনের দুটি দাঁত ভেঙে দেওয়া হয়েছে। ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে। তারপর সজোরে বুকে ধাক্কা দেওয়া হয়। ওরা বাড়ি থেকে বেরনোর আগে বউমা খড়দহ থানায় ফোন করে পুলিশ পাঠানোর জন্য বলেছিল। কিন্তু পুলিশ আসে ২ ঘন্টা পর। ওরা যদি একটু আগে আসত, তাহলে হয়তো ভাইকে এভাবে হারাতে হত না।’ বিজেপি নেত্রী তথা মৃতের স্ত্রী রুমা সাহা বলেন, ‘আমার স্বামীকে খুন করা হয়েছে। অথচ অনিচ্ছাকৃত খুনের ধারায় পুলিশ মামলা করেছে।’ পরিবারের অন্য সদস্যরাও প্রশ্ন তোলেন, পুলিশ কেন অনিচ্ছাকৃত খুনের মামলা দিল? অভিযুক্তরা কেন এখনও ধরা পড়ল না? তাহলে কি কোনো প্রভাবশালীর অঙ্গুলিহেলনে চলছে পুলিশ? উত্তর শহরতলির বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায় এদিনও এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিধায়ক রত্না দেবনাথ বলেন, ‘এখন আর কিছু বলব না। রবিবার যা বলেছি, প্রমাণ নিয়েই বলেছি।’



