নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাঘের আতঙ্কে এখনও তটস্থ গ্রামবাসীরা। দুদিন কেটে গেলেও ধরা পড়েনি রয়েল বেঙ্গল টাইগার। এমনকি জঙ্গলেও ফিরে যায়নি সে। তার জেরে ঝড়খালিতে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হল। শুক্রবার সকালে ঝড়খালি লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল। তারপর বনকর্মীরা চারদিক জাল দিয়ে ঘিরে দেন। ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচাও। কিন্তু সারারাত দক্ষিণরায় তার ধারেকাছে আসেনি বলেই দাবি বনকর্মীদের। বাঘের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করা না গেলেও তাকে অনেকটাই ছোট জায়গায় সীমাবদ্ধ করে রাখা হয়েছে। জঙ্গলের আগে ঘন উলুবন থাকায় বনকর্মীদের ভিতরে ঢুকে বাঘের অবস্থান খোঁজার কাজ কঠিন করে দিয়েছে। হেরোভাঙা জঙ্গল থেকে বেরিয়ে হেরোভাঙা নদী সাঁতরে এই ঝড়খালিতে ঢুকেছে দক্ষিণরায়। তাই জঙ্গলের দিকে জাল খোলা রাখা হয়েছে। কিন্তু শনিবার রাত পর্যন্ত বাঘ ফিরে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফলে এখন কীভাবে সুন্দরবনের রাজাকে ধরা বা জঙ্গলে ফেরত পাঠানো যায় সেটাই ভাবাচ্ছে বন বিভাগের আধিকারিকদের। আপাতত নজর রাখা হচ্ছে জঙ্গলের দিকে। রাতে আবার একটি খাঁচা পাতা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, এলাকায় বাঘ আছে বলে পর্যটকদের আনাগোনা কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে।



