মুখ্যমন্ত্রীকে দিয়ে স্যাফ জয়ীদের সংবর্ধনার ভাবনা লাল-হলুদের
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দশমবার স্যাফ কাপ জিতেছে ভারত। বুধবার শহরে পা রাখার পরই চ্যাম্পিয়নদের নিয়ে বিমানবন্দরে দেখা দিয়েছিল প্রবল উচ্ছ্বাস। এবার স্যাফ জয়ীদের আলাদা করে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করল ইস্ট বেঙ্গল। আর সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন স্বয়ং রাজ্যের মু্খ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ফেডারেশন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে এক চিঠি পাঠান লাল-হলুদ সভাপতি মুরারী লাল লোহিয়া। সেখানে তিনি ফেডারেশনের কাছে অন্তত ১৫ দিন আগে স্যাফ কাপে অংশগ্রহকারী গোটা দলের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সূচি মেনে গোটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই প্রসঙ্গে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘স্যাফ কাপ জয়ী দলকে ক্লাব সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। সেটা মুখ্যমন্ত্রীর হাত দিয়েই করতে চাই। সেই মতো ফেডারেশনকে চিঠি দিয়ে অন্তত ১৫ দিন আগে সময় চাওয়া হয়েছে।’

Advertisement

এদিকে, প্রবল বৃষ্টির কারণে ভেস্তে গেল মহিলা লিগে ইস্ট বেঙ্গল বনাম নীতা এফএ’র ম্যাচ। সূচি অনুসারে কল্যাণীতে হাজির ছিল দু’দল। তবে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় রেফারি কোনো ঝুঁকি না নিয়ে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে এই ম্যাচ ফের আয়োজিত হবে।