নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর সিবিআই আদালত বুধবার দুই অভিযুক্তের রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার এক অভিযুক্তের বয়ান নথিভুক্ত করেছেন বিচারক। তবে তা অসমাপ্ত রয়েছে। আগামী শনিবার সেই আইনি প্রক্রিয়া চলবে বলে আদালত সূত্রের খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজসাক্ষী হওয়া দুই অভিযুক্তের নাম পর্ণা বসু ও সমরজিৎ আচার্য। প্রথম ছিলেন তৎকালীন এসএসসির ডেন্টা এন্ট্রি অপারেটর। দ্বিতীয়জন ছিলেন প্রোগ্রামিং অফিসার। এসএসসির দুর্নীতি মামলার চার্জশিটে ছিল এই দুই অভিযুক্তের নাম। স্বভাবতই এই পরিস্থিতিতে দুই অভিযুক্তের রাজসাক্ষী হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।



