পঞ্চায়েত এলাকায় রাজস্বে রেকর্ড,  সম্পত্তি কর বাবদ আদায় বৃদ্ধি ১৬৮ শতাংশ
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: নজিরবিহীনভাবে বাড়ল সম্পত্তি কর আদায়। গত অর্থবর্ষের প্রথম সাত মাসের (এপ্রিল থেকে অক্টোবর) তুলনায় চলতি অর্থবর্ষের এই সাত মাসে রাজ্যের পঞ্চায়েত এলাকায় সম্পত্তি কর বাবদ রাজস্ব আদায় ১৬৮ শতাংশ বৃদ্ধি হল। ২০২৫-২৬ অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৪৪ কোটি ৫ লক্ষ ৩৬ হাজার ৩৫৭ টাকার সম্পত্তি কর আদায় হয়েছিল। সেখানে চলতি (২০২৬-২৭) অর্থবর্ষে একই সময়কালে এই খাতে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১৮ কোটি টাকা। অর্থাৎ, সম্পত্তি কর আদায় বেড়েছে প্রায় ৭৪ কোটি টাকা। পঞ্চায়েত এলাকায় সম্পত্তি কর সংগ্রহে এই উল্লেখযোগ্য বৃদ্ধি রাজ্যের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির নিজস্ব রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

Advertisement

এর পাশাপাশি রাজ্যের ১২৮টি পুরসভা এলাকায়ও সম্পত্তি কর সংগ্রহ তুলনামূলক বেড়েছে বলেই দাবি রাজ্যের। পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণভাবে অনলাইনে সম্পত্তি কর আদায়ের ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু প্রতিটি পুরসভায় এখনও সেই ব্যবস্থা করা যায়নি। প্রশাসনিক মহলের ব্যাখ্যা, কেন্দ্রীয়ভাবে আদায় বৃদ্ধিতে জোর দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণভাবে অনলাইন ব্যবস্থা কার্যকর হওয়াতেই আদায়ের হার অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। একই চেষ্টা চালানো হচ্ছে পুর এলাকার ক্ষেত্রেও।
আরও জানা গিয়েছে, এখনও কয়েকটি পুরসভায় অফলাইনে কর সংগ্রহের প্রক্রিয়া চলার কারণে সমস্ত পুরসভার তথ্য এক জায়গায় এনে হিসাব করার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে সম্পত্তি কর আদায়ের সম্পূর্ণ প্রক্রিয়াকে আগামী কয়েক মাসের মধ্যে অনলাইন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। প্রশাসনিক মহলের মতে, সমস্ত পুরসভায় অনলাইন ব্যবস্থার মাধ্যমে কর সংগ্রহ নিশ্চিত করা গেলে প্রতিদিনের আদায়ের হিসাব কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সহজ হবে।
নবান্ন সূত্রে প্রাপ্ত হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত এলাকায় কর প্রদানকারী সম্পত্তির মালিকের সংখ্যা ছিল ১১ লক্ষ ৬৯ হাজার ৮৫১। যা চলতি অর্থবর্ষে একই সময়কালে বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৯৪ হাজার ৭৬৪-তে। উল্লেখযোগ্য বিষয় হল, সম্পূর্ণ গত অর্থবর্ষে পঞ্চায়েত এলাকায় সম্পত্তি কর বাবদ মোট আদায় হয়েছিল ১৩৯ কোটি ১৮ লক্ষ ৪৩ হাজার ৯০৫ টাকা। আর করদাতার সংখ্যা ছিল ৪৪ লক্ষ ৩৩ হাজার ৬৫৮ জন। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের এখনও পাঁচ মাস বাকি। ফলে অর্থবর্ষের শেষে গত বছরের মোট আদায়ের অঙ্ককে অনেকটাই ছাপিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বর্তমান আদায়ের গতি বজায় থাকলে চলতি অর্থবর্ষে সম্পত্তি কর সংগ্রহে নতুন রেকর্ড তৈরি হতে পারে বলে জানান এক পদস্থ কর্তা। 
গ্রামীণ ও শহরাঞ্চলে সম্পত্তি কর আদায়ের এই প্রবণতা আগামী দিনে রাজ্যের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির নিজস্ব রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ, কেন্দ্রের তরফেও রাজ্যের নিজস্ব রাজস্ব বৃদ্ধির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ষোড়শ অর্থ কমিশনের ‘পারফরম্যান্স গ্রান্ট’ পাওয়ার জন্য এটাই অন্যতম মাপকাঠি।