ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে রেকর্ড পর্যটক, ৭ মাসে আয় সাড়ে ১৯ লক্ষ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পর্যটকদের ভিড়ে জমজমাট ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। শালবনের সবুজের মাঝে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে ঝাড়গ্রামের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে জুলজিক্যাল পার্কে দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসে পার্কে এসেছেন ৮৪হাজার ৫৫৮জন পর্যটক। টিকিট বিক্রি থেকে বনদপ্তরের আয় হয়েছে ১৯লক্ষ ৫৪হাজার ৭৯০টাকা। পর্যটকদের রেকর্ড ভিড়ে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। 

Advertisement

ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ধবনী বিটে সাড়ে ২২হেক্টর জায়গাজুড়ে পার্কটি রয়েছে। অরণ্যের মধ্যে পার্কটি গড়ে তোলা হয়েছিল। ১৯৮০সালে ঝাড়গ্রাম মিনি জু নামে পার্কটির উদ্বোধন হয়। ২০০৫সালে সেন্ট্রাল জু অথরিটির উদ্যোগে পার্কের পরিকাঠামোয় পরিবর্তন আনা হয়। বিগত রাজ্য সরকারের সময় চিড়িয়াখানার সম্প্রসারণ ঘটিয়ে জুলজিক্যাল পার্কের নতুন চেহারা দেওয়া হয়। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ২০২৩ সালে সেলফি জোনের উদ্বোধন করা হয়। বন্যপ্রাণীদের চিকিৎসা ও শুশ্রূষার জন্য চালু করা হয় অ্যাম্বুলেন্স পরিষেবা। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য পার্কের ভিতরেই ‘সৃষ্টিশ্রী’ বিপণন কেন্দ্রের সূচনা হয়। জঙ্গলমহলে রাজনৈতিক শান্তি ফিরে আসার পর পর্যটকদের সমাগম বাড়তে শুরু করে। বনদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে জুলজিক্যাল পার্কে এসেছিলেন ৭৮০১ জন পর্যটক। আগস্ট মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৮১জনে। অক্টোবরে পর্যটকদের সংখ্যা একলাফে পৌঁছে যায় ২৩হাজার ৮৮২ জনে। শুধুমাত্র অক্টোবর মাসেই টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৫লক্ষ ৪১হাজার ৯৬৫টাকা। 
রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও মাসখানেক আগে জুলজিক্যাল পার্ক পরিদর্শনে এসেছিলেন। পাশাপাশি প্রস্তাবিত টাইগার সাফারির এলাকাও ঘুরে দেখেন। পার্কে আরও নতুন বন্যপ্রাণী আনার কথা জানান। পার্কে ঢুকলেই সবুজের সমারোহ। এনক্লোজারের ভিতরে পেখম মেলে বনময়ূর ঘুরে বেড়ায়, রয়েছে ম্যাকাও। ভাল্লুকদের জন্য পরিখা ঘেরা বিশেষ জায়গা রয়েছে। দু’টি ভাল্লুকের খুনসুটি দেখতে পর্যটকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকন। পার্কের অন্যতম আকর্ষণ চিতাবাঘ। সকালের রোদ উঠলেই  চিতাবাঘ কখনও কাঠের দোলনায় চড়ে বসে কখনও ঘুরে বেড়ায়। পার্কের কর্মীরা গাছের পাতা নিয়ে হাজির হলেই চিতল হরিণের দল তাদের বেড়ার সামনে ভিড় জমায়। নীলগাইদের জলাশয়ের আশপাশে ছোটাছুটি করতে দেখা যায়। পার্কের বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের বন্যপ্রাণীদের দেখতে বেরিয়ে পড়েন। পার্কের এক আধিকারিক বলেন, শালবনের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যপ্রাণীদের ঘুরে বেড়ানোর দৃশ্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। সেকারণে এই পার্কের জনপ্রিয়তা বাড়ছে। ঝাড়গ্রাম বনবিভাগের এক আধিকারিক বলেন, চলতি বছরে জুলজিক্যাল পার্কে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন। পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।