Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দরে গাঁজা উদ্ধারে রেকর্ড, শুধু গত তিন মাসেই বাজেয়াপ্ত ৩৯৭ কেজি

ইদানীং বিমানবন্দর মারফত গাঁজা পাচারের চেষ্টা করছে পাচারকারী। উদ্ধার হওয়ার গাঁজার পরিমাণ দেখেই তাজ্জব কলকাতা বিমানবন্দর ও শুল্ক বিভাগের আধিকারিকরা।

বিমানবন্দরে গাঁজা উদ্ধারে রেকর্ড, শুধু গত তিন মাসেই বাজেয়াপ্ত ৩৯৭ কেজি
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইদানীং বিমানবন্দর মারফত গাঁজা পাচারের চেষ্টা করছে পাচারকারী। উদ্ধার হওয়ার গাঁজার পরিমাণ দেখেই তাজ্জব কলকাতা বিমানবন্দর ও শুল্ক বিভাগের আধিকারিকরা। গত এপ্রিল-জুন মাসে কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে ৩৯৭ কেজি গাঁজা। আর ৩ মাসে গ্রেপ্তার করা হয়েছে ৫৪ জনকে।

Advertisement

বিমানবন্দর সূত্রের খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৭৮.৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছিল। কিন্তু গত এপ্রিল-জুনের রেকর্ড বেনজির! জুন মাসে গাঁজা উদ্ধার হয়েছে ১৯০.৮ কেজি। ওইসব ঘটনায় গ্রেপ্তার করা হয় ২৫ জনকে। মে মাসে গাঁজা উদ্ধার হয় ১৬৮.২ কেজি। তাতে গ্রেপ্তার হয় একজন বিদেশি নাগরিকসহ ১৯ জন। এছাড়া গত এপ্রিলে দশজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে পাওয়া যায় ৩৭.৮ কেজি গাঁজা। এসব মূলত থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে পাচার হয়ে আসা। ধারাবাহিক নজরদারি ও চিরুনি তল্লাশির ফলেই এই সাফল্য। দাবি আধিকারিকদের। যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিং, তল্লাশি এবং ৯টি স্নিফার ডগ দিয়ে পর্যবেক্ষণের সময়ই এসব উদ্ধার হয়। 
পূর্ব ভারতে ব্যস্ততম বিমানবন্দর কলকাতা। মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েই বড়োসড়ো সাফল্য পেল এখানকার শুল্ক বিভাগ। এই বিমানবন্দরকে করিডর করে পাচারকারীরা অন্যত্র গাঁজা পাচারের ছক কষেছিল। কিন্তু নিরাপত্তারক্ষীদের নজরদারি ও শুল্ক বিভাগের পর্যবেক্ষণে সেই ছক বানচাল হয়ে যায়। চকোলেটের মোড়ক, জুতো, বেল্ট, এমনকি গয়নার মধ্যে ভরেও গাঁজা পাচারের ছক কষা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, নজরদারি আরও বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ