নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ট্রাফিক আইন ভাঙায় দুর্গাপুজোর ষষ্ঠী থেকে কার্নিভাল পর্যন্ত মাত্র সাতদিনে এক হাজারের বেশি বাইক ও গাড়িকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি, মদ্যপ অবস্থায় বাইক ও গাড়ি চালানোর অপরাধে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা ট্রাফিক বিভাগের কর্তাদের দাবি, পুজোর মরশুমে কড়া নজরদারির জেরে এবছর দুর্ঘটনায় রাশ টানা সম্ভব হয়েছে। ছোট দু’-একটি ঘটনা বাদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, পথ নিরাপত্তায় সারা বছরই নজরদারি চলে। বাইক আরোহী থেকে শুরু করে গাড়ি চালকদের নিয়মিত সচেতনতার পাঠ দেওয়া হয়। পুজোর মরশুমেও সেই কাজ জারি ছিল। সেইসঙ্গে বাইক ও গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে একাধিক গার্ডরেল বসানো হয়েছিল। ফলস্বরূপ এবছর দুর্ঘটনায় রাশ টানা সম্ভব হয়েছে। তবে, ট্রাফিক আইন ভাঙার অপরাধে গ্রেপ্তারি থেকে শুরু করে জরিমানা আদায় করা হয়েছে।
পুজোর মরশুমে যুব সমাজের একটা অংশ বেপরোয়া ভাবে বাইক চালায়। বহুক্ষেত্রে আরোহীদের মাথায় হেলমেটও থাকে না। ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এই পরিস্থিতিতে এবছর দুর্ঘটনায় রাশ টানতে পুরুলিয়া জেলা পুলিশ আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছিল। সেইসঙ্গে জনমানসেও সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছিল। তাতে অবশ্য দুর্ঘটনা রোখা সম্ভব হয়েছে। যদিও বেপরোয়া বাইক ও গাড়ি চালকদের দৌরাত্ম্য যেন এবারও পিছু ছাড়েনি। জেলা পুলিশের তথ্য অনুসারে জানা গিয়েছে, পুজোর সাতদিনে ১ হাজার ১৫৬টি বাইক ও গাড়ি থেকে জরিমানা আদায় করা হয়েছে।
জেলা ট্রাফিক বিভাগের তরফে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন মানবাজারে একটি পথ দুর্ঘটনা ঘটলেও হতাহতের কোনও খবর ছিল না। তবে পুজোর মরশুমে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে বাইক ও গাড়ি নিয়ে জেলার বিভিন্ন রাস্তায় দাপাতে দেখা গিয়েছিল অনেককেই। পুলিশের নজর পড়তেই তাদের ঠাঁই হয়েছে শ্রীঘরে। অন্যদিকে ট্রাফিক নিয়ম ভেঙে বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে ৪৯০ জন আরোহীর থেকে জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে ট্রিপল রাইডিং ও দ্রুতগতিতে বাইক চালানোর অপরাধে যথাক্রমে ২৬৬ ও ৬৮টি বাইককে জরিমানা করা হয়েছে। অন্যদিকে সিট বেল্ট ছাড়া গাড়ি চালানোর জন্য ৩৩২ জনের থেকে জরিমানা আদায় করা হয়েছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোট ১৬টি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। তবে, ওই মাসেই পুজোর মরশুমে অবশ্য বাড়তি নজরদারির জেরে বড় কোনও দুর্ঘটনা এবং প্রাণহানি হয়নি।