Bartaman Logo
১০ জুন, ২০২৬

রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলা, বহিষ্কৃত বিজেপি নেতার ছেলেকে যাবজ্জীবন সাজার নির্দেশ কোর্টের

রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলা, বহিষ্কৃত বিজেপি নেতার ছেলেকে যাবজ্জীবন সাজার নির্দেশ কোর্টের
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ড। ২০২২ সালে উত্তরাখণ্ডের একটি রিসর্টের রিসেপশনিস্ট খুনের এই ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। প্রায় তিন বছর পর অবশেষে শুক্রবার সেই মামলায় সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্ত রিসর্ট মালিক পুলকিত আর্য ও তার দুই কর্মী সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তা। তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রীনা নেগি। তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিতের রিসর্টেই রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন অঙ্কিতা। যদিও খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই বিনোদকে বহিষ্কার করে গেরুয়া শিবির। পুলিস সূত্রে খবর, পৌরী জেলার যমকেশ্বরে অবস্থিত ওই রিসর্টে আগত ভিআইপি অতিথিদের ‘বিশেষ পরিষেবা’ দিতে অঙ্কিতাকে চাপ দিচ্ছিল পুলকিত। তাতে রাজি না হওয়ায় শুরু হয় বচসা। দুই কর্মীকে সঙ্গে নিয়ে রিসর্ট মালিক মারধর করে ওই তরুণীকে। এরপর ওই তিনজন অঙ্কিতাকে জোর করে একটি গাড়িতে তুলে ১০ কিলোমিটার দূরে ঋষিকেশে নিয়ে গিয়ে খরস্রোতা চিলা খালে ফেলে দেয়। ছ’দিন পর সেই খাল থেকেই অঙ্কিতার দেহ উদ্ধার হয়।

Advertisement

অঙ্কিতা নিখোঁজ হওয়ার পর প্রাথমিকভাবে পুলিসের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা। খাল থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হওয়ার পর স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে। 
পুলিসের গাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। গাড়িতে ভাঙচুর চালিয়ে পুলিসের হেফাজত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। প্রবল জনরোষের চাপে অবশেষে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় উত্তরাখণ্ডের বিজেপি সরকার। রাজনৈতিক চাপ বাড়তে থাকায় পুলকিতের বাবা তথা দলের প্রবীণ নেতা বিনোদ আর্যকে বহিষ্কার করে বিজেপি নেতৃত্ব। তারপরও ছেলের হয়ে সাফাই গাইতে ছাড়েননি তিনি। সেই সময় বিনোদ 
আর্যের দাবি ছিল, ‘আমার ছেলে এই অপরাধ করতেই পারে না। ও খুবই সাদাসিধে।’ গত ২ বছর আট মাস ধরে মামলার শুনানি চলাকালীন মোট ৪৭ জন সাক্ষ্য দিয়েছিলেন। অবশেষে এদিন পুলকিত ও তার রিসর্টের দুই কর্মীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনাল আদালত।     

Advertisement
সম্পর্কিত সংবাদ