বিয়ের দিনই ওমরের দলের অন্দরে বিদ্রোহ, সরব সাংসদ সহ একাধিক জনপ্রতিনিধি
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: শনিবারই নয়া বৈবাহিক জীবন শুরু করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গাঁটছড়া বেঁধেছেন সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে। যদিও রাজনৈতিক পরিসরে ক্রমেই কোণঠাসা হচ্ছেন তিনি। শাসক দল ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র অন্দরেই সুর ক্রমশ চড়ছে। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহের ডাক দিয়েছেন শ্রীনগরের সাংসদ আগা সইদ রুহুল্লাহ মেহদি। তাঁর সঙ্গে দলের ২৫ জনপ্রতিনিধি রয়েছেন বলে খবর। যদিও দলের মধ্যে বিদ্রোহের খবর উড়িয়ে দিয়েছে আবদুল্লার দল। আদিবাসী বিষয়কমন্ত্রী জাভেদ রানা জানিয়েছেন, বিজেপি চক্রান্ত করে ন্যাশনাল কনফারেন্সের মধ্যে সংঘাত তৈরির চেষ্টা করছে। কিন্তু, একাজে তারা সফল হবে না। এনসি অত্যন্ত শক্তিশালী সংগঠন। তাই অকারণে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। 

Advertisement

ন্যাশনাল কনফারেন্সের বিদ্রোহী অংশের বক্তব্য, জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের তকমা ও ৩৭০ ধারা ফেরানোর দাবিতে আন্দোলন আরও জোরদার করতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনি ইস্তেহার বাস্তবায়িত করারও দাবি তুলেছে তারা। পাশাপাশি, দলের পরিচালন ব্যবস্থাও নিয়েছে প্রশ্ন তোলা হয়েছে। বিরোধী অংশের বক্তব্য, সমস্ত সিদ্ধান্ত আবদুল্লা পরিবারই নিচ্ছে। দলে কোনো গণতন্ত্র নেই। অন্যান্য নেতা বা জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না। শুক্রবার শ্রীনগরে বিধায়ক কাসের জামশিদ লোনের বাড়িতে বৈঠক করেন দলের ১৮ জনপ্রতিনিধি। সুর চড়িয়ে রুহুল্লা জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর দল ও লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। সেইসঙ্গে দলের বিরুদ্ধে মুখ খোলার নেপথ্যে বিজেপির ইন্ধনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। রুহুল্লার কথায়, দল বদলের কোনো ব্যাপার নেই।