সংবাদদাতা, ঘাটাল: বিগত ২০ বছর ধরে এলাকার রাস্তা সংস্কার হয়নি। তাই একটু বৃষ্টি হলেই জুতো হাতে করে নিয়ে ছ’ইঞ্চি কাদার আস্তরণ পেরিয়ে যাতায়াত করতে হয় দাসপুর-২ ব্লকের খানখানাচক গ্রামের বাসিন্দাদের। রাস্তা সংস্কার করার জন্য মাঝে একবার বোর্ডও লাগানো হয়ে গিয়েছিল। সেই বোর্ড এখনও জ্বলজ্বল করলেও কোনো অজানা কারণে রাস্তা সংস্কার হয়নি। বারবার জানিয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। যদিও এই বিষয়ে দাসপুরের বিধায়ক তপন দত্ত জানিয়েছেন, রাস্তাটির সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানখানাচকের উত্তরপাড়ায় জানাপাড়া থেকে ডগরাপাড়ার পোলগোড়া পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানখানাচক প্রাথমিক বিদ্যালয়ের পাশের চারমাথা মোড় থেকে শুরু হয়ে রাস্তাটি উদয়চক যাওয়ার মূল রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে। পাড়ার ভেতরের গলি রাস্তাগুলি ধরলে মোট প্রায় দেড় কিলোমিটার এলাকায় যাতায়াতের হাল শোচনীয়। এর জেরে এলাকার বাসিন্দাদের নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা রাস্তাটি কংক্রিটের করার কথা দীর্ঘকাল ধরে শুনে আসছেন, কিন্তু বাস্তবে কোনোদিনই সংস্কারের কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা শোভন ডগরা, নিমাই জানা প্রমুখ জানান, রাস্তার দুর্দশার কথা জানিয়ে আগের সরকারের আমলে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে একাধিক বার অভিযোগ করেছিলেন। সেখান থেকে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি রয়েছে এবং দ্রুত কাজ হয়ে যাবে বলে আশ্বাস মিললেও কাজের কাজ কিছু হয়নি। এরপর বিডিও ও মহকুমা শাসককে জানিয়ে এসেছিলেন। তবুও কাজের কাজ কিছু হয়নি।
গ্রামবাসীদের আরও অভিযোগ, মাঝে একবার রাস্তা সংস্কারের জন্য প্রায় ১০ লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল বলে এলাকায় খবর ছড়িয়েছিল। সেই সময় রাস্তার ধারে প্রকল্পের বোর্ডও বসানো হয়। এরপর আরও একবার ৬ লক্ষ টাকা এবং সম্প্রতি এক কিলোমিটার ৬০০ মিটার রাস্তার জন্য বেশ কয়েক লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে লিখিত সূত্রে জানতে পারেন বাসিন্দারা। শোভনবাবুর অভিযোগ, বরাদ্দ টাকার কাজ কবে শুরু হবে তা জানতে পঞ্চায়েত অফিসে গেলে স্থানীয় নেতৃত্বের একাংশের দুর্ব্যবহার ও বচসার মুখে পড়তে হয়। রাজনৈতিক টানাপোড়েন নাকি অন্য কোনো কারণে বারবার টাকা মঞ্জুর হয়েও কাজ আটকে থাকছে, তা নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকায়। তবে বিধায়কের আশ্বাসের পর এবার সত্যিই রাস্তাটি সংস্কার হয় কিনা, সে দিকেই তাকিয়ে রয়েছেন খানখানাচকের বাসিন্দারা।-নিজস্ব চিত্র



