Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নাটকীয় জয় রিয়ালের, শেষ চারে এমবাপেদের প্রতিপক্ষ পিএসজি

নাটকীয় জয় রিয়ালের, শেষ চারে এমবাপেদের প্রতিপক্ষ পিএসজি
  • ৭ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

রিয়াল মাদ্রিদ- ৩                               :                           বরুসিয়া ডর্টমুন্ড- ২
(গঞ্জালো, ফ্রান, এমবাপে)                                    (ম্যাক্সিমিলিয়ান, গুইরাসি)

Advertisement

নিউ জার্সি: ম্যাচের ২০ মিনিটে দু’গোলে লিড নিয়েও কোনওক্রমে বরুসিয়ার বাধা টপকাল রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে শনিবার শেষ আটের লড়াইয়ে সহজ ম্যাচ কঠিন করে জিতলেন কিলিয়ান এমবাপেরা। সংযোজিত সময়ে পেণ্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হাসল জাবি আলোন্সোর ছেলেরা। ৩-২ গোলে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করল রিয়াল। মাদ্রিদের ক্লাবটির হয়ে জাল কাঁপান যথাক্রমে গঞ্জালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া ও কিলিয়ান এমবাপে। বরুসিয়ার দুই গোলদাতা ম্যাক্সিমিলিয়ান বিয়ের ও সেরহো গুইরেসি। সেমি-ফাইনালে বুধবার রিয়ালের প্রতিপক্ষ পিএসজি। প্যারিসের ক্লাব থেকে বিদায় নেওয়ার পর প্রথমবারের জন্য পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামবেন এমবাপে।
ক্লাব বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন গঞ্জালো গার্সিয়া। এদিনও শুরুতেই দলকে এগিয়ে দেন তিনি। ১০ মিনিটে আর্দা গুলেরের সেন্টার থেকে আলতো টোকায় বল জালে জড়ান গঞ্জালো (১-০)। মিনিট দশেকের মধ্যেই ব্যবধান বাড়ায় রিয়াল। এবার স্কোরশিটে নাম তোলেন ফ্রান গার্সিয়া (২-০)। বিরতির পর ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যে এমবাপেকে মাঠে নামান রিয়াল কোচ আলোন্সো। পক্ষান্তরে বরুসিয়াও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। সংযোজিত সময়ে একের পর এক নাটকীয় রোমাঞ্চ। দ্বিতীয় মিনিটে জার্মান ক্লাবটির হয়ে ব্যবধান কমান ম্যাক্সিমিলিয়ান (২-১)। অবশ্য দু’মিনিটের মধ্যেই দুরন্ত প্রত্যাঘাত এমবাপের। চোখ ধাঁধানো সাইড ভলিতে জাল কাঁপান ফরাসি তারকা (৩-১)। তবে শেষ বাঁশি বাজার আগে বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে টেনে লাল কার্ড দেখেন রিয়ালের ডিয়ান হুইসেন। পেনাল্টি পায় বরুসিয়া। তা থেকে জাল কাঁপাতে ভুল করেননি গুইরাসি (৩-২)। পরের মিনিটেই দলের নিশ্চিত পতন রুখে শেষ চারের টিকিট নিশ্চিত করেন দুর্গপ্রহরী কুর্তোয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ