রিয়াল মাদ্রিদ-১ (এমবাপে) : ওসাসুনা-০
রিয়াল মাদ্রিদ-১ (এমবাপে) : ওসাসুনা-০
মাদ্রিদ: জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারাল জাবি আলোন্সোর দল। ম্যাচের একমাত্র গোলদাতা এমবাপে। অতীতে ফুটবলার হিসেবে লা লিগায় দাপিয়ে খেলেছেন জাবি। কোচ হিসেবেও শুরুটা মধুর হল তাঁর। মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মিনিট থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। বল দখলের লড়াই থেকে আক্রমণ, সবেতেই এগিয়ে ছিলেন ভিনিসিয়াসরা। তবে আক্রমণগুলো প্রতিপক্ষের বক্সের সামনে খেই হারিয়ে ফেলছিল। শেষ পর্যন্ত ৫১ মিনিটে পেনাল্টি আদায় করেন এমবাপে। স্পটকিক থেকে লক্ষ্যভেদেও ভুল হয়নি ফরাসি তারকার (১-০)। ম্যাচের বাকি সময়ে পরিবর্ত হিসেবে নামা আর্জেন্তিনার বিস্ময় প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো নজর কাড়েন। তবে বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি। উল্লেখ্য, রিয়ালে গত মরশুমটা ভালো কাটেনি এমবাপের। এই নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। নতুন মরশুমে ১০ নম্বর জার্সি পরে খেলছেন। আর লা লিগার প্রথম ম্যাচেই গোল করেই অনুরাগীদের আশার আলো দেখাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড। তবে ভিনিসিয়াসকে চেনা ছন্দে পাওয়া যায়নি। মঙ্লবার একাধিক গোলের সুযোগ হেলায় হারালেন তিনি। তরুণ আদ্রা গুলেরকেও বিবর্ণ দেখাল। বলা ভালো, একক নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন এমবাপে।
ম্যাচের পর কোচ আলোন্সোর মন্তব্য, ‘প্রস্তুতির পর্যাপ্ত সময় পাইনি। সেদিক থেকে দল খারাপ খেলেনি। উন্নতির অবকাশ অবশ্যই রয়েছে। এমবাপের পারফরম্যান্স বেশ ভালো। তবে আমার মনে হয়, ও আরও বেশি কিছু করতে চায়। তাছাড়া মাস্তানতুয়োনোকে দারুণ লেগেছে।’ জয় দিয়ে অভিযান শুরু করায় খুশি এমবাপেও। তিনি বলেন, ‘কোচ চেয়েছিলেন, খেলা যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে। সেই মতো প্রত্যেকে সেরাটা মেলে ধরেছে। তবে ম্যাচটা আরও বেশি ব্যবধানে জেতা উচিত ছিল।’