Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য বায়ার্নের, আজ জুভেন্তাসের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া রিয়াল

জাবি আলোন্সোর প্রশিক্ষণে নতুন মরশুমের শুরুটা দারুণ করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দু’ম্যাচে জয় পেয়েছেন কিলিয়ান এমবাপেরা।

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য বায়ার্নের, আজ জুভেন্তাসের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া রিয়াল
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: জাবি আলোন্সোর প্রশিক্ষণে নতুন মরশুমের শুরুটা দারুণ করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দু’ম্যাচে জয় পেয়েছেন কিলিয়ান এমবাপেরা। তবে সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী পাঁচদিনে পরপর দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রিয়ালের। রবিবার মরশুমের প্রথম এল ক্লাসিকো। তার আগে বুধবার ইউরোপ সেরার লড়াইয়ে জুভেন্তাসের মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোস-ব্রিগেড। মর্যাদার লড়াইয়ে নামার আগে ছন্দ বজায় রাখাই তাদের লক্ষ্য।

Advertisement

রিয়ালের জার্সিতে দুরন্ত ছন্দে কিলিয়ান এমবাপে। সব টুর্নামেন্ট মিলিয়ে ১১ ম্যাচে ১৫টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন তিনি। জুভেন্তাসের বিরুদ্ধেও ফরাসি তারকার দিকে তাকিয়ে রিয়াল। তবে একাধিক ফুটবলারের অনুপস্থিতি চিন্তা বাড়াচ্ছে কোচ আলোন্সোর। চোটের কারণে এই ম্যাচেও নেই রুডিগার, কার্ভাহাল, হুজসেন। তার উপর, এল ক্লাসিকোর কথা মাথায় রেখে ফেরল্যান্ড মেন্ডি ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকেও বিশ্রাম দেওয়া হতে পারে। ডেভিড আলাবার ফিটনেস নিয়ে সংশয় রয়েছে।
কয়েক বছর আগেও চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম পাওয়ারহাউস ছিল জুভেন্তাস। তবে গত কয়েক মরশুমে ভালো দল গড়তে না পারার কারণে ধুঁকছে ইতালিয়ান ক্লাবটি। টুর্নামেন্টের প্রথম দু’ম্যাচে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তুরিনের ‘ওল্ড লেডি’কে। এমনকী, ইতালিয়ান লিগেও সাত নম্বরে রয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মুখোমুখি সাক্ষাতে রিয়ালের বিরুদ্ধে ২১ বারের সাক্ষাতে ৯ বার শেষ হাসি হেসেছে তারা। মাদ্রিদের ক্লাবটি জিতেছে ১০ বার। এমন পরিস্থিতিতে বুধবার জিততে মরিয়া ইগর টুডোর ছেলেরা। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ করেছে বায়ার্ন মিউনিখ। প্রথম দু’ম্যাচেই সহজ জয়ে মাঠ ছেড়েছে জার্মান ক্লাবটি। বুধবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ক্লাব ব্রাগ। ছন্দ বজায় রাখাই লক্ষ্য ভিনসেন্ট কোম্পানি-ব্রিগেডের। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে হারতে হয়েছিল লিভারপুলকে। প্রিমিয়ার লিগেও শেষ তিন ম্যাচে বশ মানে তারা। টানা চারটি হারের ধাক্কা সামলে বুধবার ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মো সালাহরা। দিনের অপর ম্যাচে আয়াখসের মুখোমুখি হবে চেলসি। 
এদিকে, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৬-১ ব্যবধানে হারাল ওলিম্পিয়াকোসকে। বার্সার গোলদাতারা হলেন লোপেজ (৩), ইয়ামাল (১) ও র‌্যাশফোর্ড (২)।

সম্পর্কিত সংবাদ