Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের নজিরের দিনে জিতল রিয়াল

মরশুমের শুরুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে মাদ্রিদে অভিষেকটা সুখকর হল না ফরাসি তারকার।

এমবাপের নজিরের দিনে জিতল রিয়াল
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিয়াল মাদ্রিদ- ২   :        মায়োরকা- ১
(এমবাপে, রামোন)                            (মার্টিন)

Advertisement

মাদ্রিদ: মরশুমের শুরুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে মাদ্রিদে অভিষেকটা সুখকর হল না ফরাসি তারকার। একমাত্র উয়েফা সুপার কাপ ছাড়া কিছুই জোটেনি কপালে। ঘরোয়া টুর্নামেন্টে বারবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বশ মেনেছে রিয়াল। গত ম্যাচে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেও খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল ফরাসি তারকাকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে দীর্ঘ ৭২ বছরের রেকর্ড টপকে গেলেন এমবাপে। বুধবার মায়োরকার বিরুদ্ধে জাল কাঁপাতেই চলতি মরশুমে লা লিগায় রিয়ালের জার্সিতে ২৮ গোলের মালিক হলেন তিনি। টপকে গেলেন ১৯৫৩-৫৪ মরশুমে অভিষেক ঘটা আলফ্রেডো ডি স্তেফানোর ২৭ গোলের নজিরকে। পাশাপাশি সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০টি গোল সেরে ফেললেন এমবাপে। এর আগে রিয়ালের জার্সিতে অভিষেক মরশুমে কেউ এতবার জাল কাঁপাতে পারেননি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলকে সাফল্য এনে দিতে না পারার ব্যর্থতা যেন অনেক বেশি কুড়ে কুড়ে খাচ্ছে ফরাসি তারকাকে।
ফিরতি এল ক্লাসিকোয় হারতেই শেষ হয়ে যায় লিগ জয়ের যাবতীয় আশা। তবে রিয়াল মাদ্রিদকে বিদায় জানানোর আগে লিগের শেষ তিনটি ম্যাচ জিতে ভালোয় ভালোয় শেষ করতে চেয়েছিলেন কোচ কার্লো আনসেলোত্তি। তাই ধারে ও ভারে অনেকটাই পিছিয়ে থাকা মায়োরকার বিরুদ্ধেও পূর্ণশক্তির দল সাজিয়েছিলেন তিনি। তবে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের দুরন্ত গোলে লড়াইয়ে ফেরে দল। আর ম্যাচের সংযোজিত সময়ে তরুণ ডিফেন্ডার জ্যাকোবো রামনের লক্ষ্যভেদে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস ব্রিগেড। মায়োরকার একমাত্র গোলটি মার্তিন ভালজেন্টের। এই জয়ের সুবাদে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল।

Advertisement
সম্পর্কিত সংবাদ