চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগকে উড়িয়ে দিল রিয়াল, পিএসজি’র কাছে হার বার্সেলোনার
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগে জ্বলে ওঠা রিয়াল মাদ্রিদের পুরানো অভ্যাস! এবারও ধারাবাহিকতা ধরে রেখেছে হোসে মরিনহোর দল। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের হ্যাটট্রিকে দুরন্ত ছন্দে লস ব্ল্যাঙ্কোসরা। বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ ব্যবধানে আরবি লিপজিগকে দুরমুশ করেছে মাদ্রিদের ক্লাবটি। জয়ী দলের হয়ে লক্ষ্যভেদে সফল বের্নার্ডো সিলভা, আদ্রা গুলের, কিলিয়ান এমবাপে ও ইয়ান ডিওমান্ডে। আর লিপজিগের সান্ত্বনা গোলটি গোমিসের। এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সাদা জার্সিধারীরা। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।

Advertisement

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে অবশ্য রিয়ালকে ভালোই বেগ দিয়েছিল লিপজিগ। এই পর্বে গোলরক্ষক কুর্তোয়া দুরন্ত কয়েকটি সেভ করে দলের পতন রোখেন। তবে সময় গড়াতে থাকলে ম্যাচে আধিপত্য বিস্তার করে মরিনহোর ছেলেরা। ৪৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত লিড। আদ্রা গুলেরের শট বিপক্ষ গোলরক্ষক ঠেকালেও বিপন্মুক্ত করতে ব্যর্থ। ফিরতি বল জালে জড়ান বের্নার্ডো সিলভা (১-০)। দ্বিতীয়ার্ধে তো রিয়াল রীতিমতো দাপট দেখাল। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান গুলের (২-০)। বেলিংহ্যামের ক্রসে এমবাপের দুর্বল হেড গোললাইন অতিক্রম করার আগে আলতো টোকায় জালে জড়ান গুলের। অবশ্য  ৮৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন এমবাপে (৩-০)। বক্সে বল পেয়ে দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন তিনি। মিনিট দুয়েক পরে অবশ্য একটি গোল শোধ দিয়েছিল লিপজিগ (৩-১)। তবে ৮৭ মিনিটে লিপজিগের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ডিওমান্ডে (৪-১)।
এদিকে, চলতি মরশুমে বার্সেলোনার বিজয়রথ থামিয়ে দিল পিএসজি। মঙ্গলবার প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগে কাতালন ক্লাবটিকে ৪-২ ব্যবধানে বশ মানিয়েছে লুই এনরিকের ছেলেরা। অর্থাৎ, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল হ্যান্স ফ্লিক-ব্রিগেড। ঘরের মাঠে ৩৮ মিনিটে পিএসজিকে লিড এনে দেন ডিসেরে ডুয়ে (১-০)। তবে ৫৫ মিনিটে বার্সাকে সমতায় ফেরান জাভি এস্পার্ট (১-১)। ৭২ মিনিটে লুকাস হার্নান্ডেজের গোলে ফের এগিয়ে যায় এনরিকে ব্রিগেড (২-১)। এবারও লিড দীর্ঘস্থায়ী হয়নি। ৭৯ মিনিটে একক নৈপুণ্যে জাল কাঁপান ইয়ামাল (২-২)। তবে শেষ দশ মিনিটে রীতিমতো ঝড় তোলে পিএসজি। ৮১ ও ৮৬ মিনিটে যথাক্রমে ভিতিনহা ও ফাবিয়ান রুইজের গোলে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়েন এনরিকের ছেলেরা। তবে জয়ের দিনেও খভিচার চোট চিন্তা বাড়াল পিএসজি’র। 
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে অ্যালায়েঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২-২ ড্র করেছে আর্সেনাল। হোম টিমের হয়ে জাল কাঁপান আলফান্সো ডেভিস ও হ্যারি কেন। আর গানারদের দু’টি গোল এজে ও ডেকলান রাইসের।