Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

তিন বছরের চুক্তিতেই রিয়াল কোচ আলোন্সো

রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে শনিবারই শেষবার ডাগ-আউটে হাজির ছিলেন কার্লো আনসেলোত্তি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই পরবর্তী হেড কোচ হিসেবে জাবি আলোন্সোর নাম ঘোষণা করল রিয়াল।

তিন বছরের চুক্তিতেই রিয়াল কোচ আলোন্সো
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে শনিবারই শেষবার ডাগ-আউটে হাজির ছিলেন কার্লো আনসেলোত্তি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই পরবর্তী হেড কোচ হিসেবে জাবি আলোন্সোর নাম ঘোষণা করল রিয়াল। তিন বছরের চুক্তিতে ২৮ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্ল্যাঙ্কোস ব্রিগেডের দায়িত্বে দেখা যাবে এই প্রাক্তন স্প্যানিশ মিডিওকে। সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে কোচ হিসেবে উপস্থাপন করবেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ফুটবলার হিসেবে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালের জার্সিতে ১৫৮ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন আলোন্সো। এই পর্বে একাধিক সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। এবার কোচের পদেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য এই স্প্যানিয়ার্ডের।

Advertisement

আগামী মাসে মার্কিন মুলুকে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে রিয়ালের কোচের পদে অভিষেক ঘটবে আলোন্সোর। ১৮ জুন সৌদি আরবের ক্লাব আল হিলালের মুখোমুখি হবে তারা। তার আগে তাঁর ফুটবল স্টাইলের সঙ্গে ফুটবলারদের দ্রুত সড়গড় করে তোলাই লক্ষ্য আলোন্সোর। উল্লেখ্য, পেশাদার কোচ হিসেবে শুরুটা দারুণ করেছিলেন তিনি। আলোন্সোর হাত ধরে প্রথম বুন্দেশলিগা খেতাব জেতে বেয়ার লেভারকুসেন। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে প্রতিনিধিত্ব করে তারা। তবে রিয়ালের কোচের পদে কাজটা যে ঢের কঠিন হবে, তা ভালোই জানেন প্রাক্তন মিডিও। তার উপর চলতি মরশুমে উয়েফা সুপার কাপ ছাড়া সেভাবে কোনও সাফল্যের মুখ দেখেনি রিয়াল। এমন পরিস্থিতিতে আগামী মরশুমে ফের দলকে সাফল্যের সরণিতে ফেরানোই প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে আলোন্সোর।

Advertisement
সম্পর্কিত সংবাদ