Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রয়েছে দুই দেশের সচিত্র পরিচয়পত্র, গ্রেপ্তার বাংলাদেশি

রয়েছে দুই দেশের সচিত্র পরিচয়পত্র, গ্রেপ্তার বাংলাদেশি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: একই ব্যক্তির দু’টি সচিত্র পরিচয়পত্র। একটি বাংলাদেশ সরকারের দেওয়া, অন্যটি ভারতের! ভারতীয় আধার কার্ড নিয়ে এক বাংলাদেশি দীর্ঘদিন আত্মগোপন করেছিল কুমারগঞ্জের ডাঙ্গারহাট সীমান্তে। আত্মীয়ের বাড়িতে থেকে ঘুরে ঘুরে কাজ করছিল দেশের নানা প্রান্তে। অবশেষে রবিবার রাতে কুমারগঞ্জ থানার পুলিস অভিযান চালিয়ে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে আশ্রয়দাতা এক আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। একই ব্যক্তির কাছে দুই দেশের সচিত্র পরিচয়পত্র উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ভারতের আধার কার্ড জাল নাকি অসাধু চক্রের মাধ্যমে তৈরি করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিস। 
Advertisement
দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, কুমারগঞ্জ থানা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। যে বাড়িতে ছিল, তার মালিককেও গ্ৰেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। 
এদিকে ওই বাংলাদেশি ও তার আত্মীয়কে এদিন কুমারগঞ্জ থানার পুলিস বালুরঘাট জেলা আদালতে তোলে। তাদের পাঁচদিনের পুলিস হেফাজতে পাঠানো হয়েছে। এবিষয়ে সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার বলেন, পুলিস ১০ দিন হেফাজতে রাখার আবেদন করেছিল। আদালত পাঁচদিন মঞ্জুর করেছে। দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে। 
পুলিস সূত্রে খবর, ধৃত ওই বাংলাদেশির নাম রবিউল ইসলাম। বাড়ি বাংলাদেশের দিনাজপুরের মুস্তাফাপুরে। ওই যুবক কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা ও আত্মীয় খায়রুল মণ্ডলের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকেই গোয়া সহ বিভিন্ন রাজ্যে কাজে যেত সে। এর মাঝে সময় বের করে বাংলাদেশেও থাকত রবিউল। সম্প্রতি সে কাঁটাতারের সীমানা পেরিয়ে ফের এদেশে এসেছিল। ধৃতের সঙ্গে কোনও নিষিদ্ধ সংগঠনের যোগ আছে কিনা, সেসব খতিয়ে দেখছে পুলিস। 
জিজ্ঞাসাবাদের সময় পুলিসকে রবিউল জানিয়েছে, হিলি সীমান্ত দিয়েই ভারতে ঢুকেছিল সে। এক আত্মীয়র মাধ্যমে জালিয়াতি করে আধার কার্ড বানিয়েছে। ওই আধার কার্ড নিয়েই ভারতের নানা প্রান্তে কাজ করতে যায় সে।   
এদিকে কুমারগঞ্জের ডাঙ্গারহাটে ওই যুবককে গ্রেপ্তার করার পর প্রতিবেশীরাও অবাক। স্থানীয় সূত্রে খবর, খাইরুল ওই বাংলাদেশিকে আত্মীয় হিসেবে পরিচয় দিয়েছিল। এখন ওই আত্মীয় বাংলাদেশি শুনে অনেকে হতবাক। তবে সম্প্রতি রাজ্যের নানা প্রান্তে জঙ্গীদের হদিশ পাওয়ার পর এমন ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। তাঁদের একজন বললেন, ওপার থেকে বারবার ভারতে হামলা চালানোর হুমকি দেওয়া হচ্ছে। কোনও সংগঠন এদিকে অশান্তি পাকানোর জন্য লোকজন এপারে পাঠিয়ে দিচ্ছে কি না, সেদিকে কড়া নজরদারি করা প্রয়োজন। এলাকায় অচেনা লোক দেখলে আমরা এবার আগে পুলিসকে খবর দেব। সীমান্তের কাছে থাকি বলে এখন আমাদের চিন্তা কয়েকগুণ বেড়ে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ