বেঙ্গালুরু: বিরাট কোহলিদের প্রথমবার আইপিএল জয়ের পর কেটেছে মাত্র ছয় মাস । তারই মধ্যে বদলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ভবিষ্যৎ। বিক্রি হতে চলেছে নামী ফ্র্যাঞ্চাইজিটি। আরসিবি’র স্বত্বাধিকারী সংস্থা ডিয়াজিও সরকারিভাবে সেকথা জানিয়েছে। ইতিমধ্যে বিক্রির প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চের আগেই নতুন মালিকের হাতে স্বত্ব তুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তারা। উল্লেখ্য, ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও। বিসিসিআই পরিচালিত আইপিএল ও ডব্লুপিএলে তাদের পুরুষ ও মহিলা দল খেলে। ২০২৪ সালে মহিলাদের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্মৃতি মান্ধানারা। আর ২০২৫-এ খেতাব খরা কাটায় পুরুষ দল। পরপর দু’বছর সাফল্য পেয়েও তাদের দল বিক্রি করার সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত ক্রিকেট মহল। উল্লেখ্য, আইপিএল জয়ের সেলিব্রেশনে পদপিষ্টের ঘটনায় ১১ জন আরসিবি সমর্থকের মর্মান্তিক মৃত্যু হয়। তার জেরে রীতিমতো বিপাকে পড়ে ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধাররা। কেউ কেউ মনে করছেন, সেই ঘটনার প্রভাব পড়েছে মূল সংস্থার ব্র্যান্ড ভ্যালুতে। সেই কারণেই বিশ্বের সবচেয়ে সফল ক্রিকেট লিগের মোহ ত্যাগ করতে বাধ্য হয়েছে ডিয়াজিও।



