বেঙ্গালুরু: চোট আশঙ্কা উড়িয়ে খেললেন বিরাট কোহলি। ৩৪ বলে করলেন ৪৯ রান। তাঁর ব্যাটে ভর করেই লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল গতবারের চ্যাম্পিয়নরা। জয়ের জন্য আরসিবি’র দরকার ছিল ১৪৭। শুরুতেই ফেরেন ফিল সল্ট (৭)। ধাক্কা সামলে দলকে টানেন ইমপ্যাক্ট-সাব কোহলি। তাঁর ঝোড়ো ব্যাটিং মন ভরিয়েছে দর্শকদের। পাদিক্কাল ১০ রানে আউট হন। পাতিদারের সংগ্রহ ২৭। জিতেশ করেন ২৩। ক্রমাগত উইকেট পড়লেও টার্গেট সহজ হওয়ায় ১৫.১ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের কড়ি জোগাড় করে নেয় বেঙ্গালুরু (১৪৯)। টিম ডেভিড ১৪ ও রোমারিও শেফার্ড ১৪ রানে অপরাজিত থাকেন।



