Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রবীন্দ্রনাথের জাপান যাত্রার শতবর্ষে বিশেষ প্রদর্শনী বিশ্বভারতীতে

রবীন্দ্রনাথের জাপান যাত্রার শতবর্ষে বিশেষ প্রদর্শনী বিশ্বভারতীতে
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বোলপুর: বিশেষ চিত্র প্রদর্শনী ও কর্মশালার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জাপানযাত্রার শতবর্ষ উদযাপন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে জাপানের বিশিষ্ট শিল্পী মিসাকো শিনের আঁকা ২০টি ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। গত ২৩ নভেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনের অন্তর্গত জাপানি ভাষা ও সংস্কৃতি কেন্দ্র নিপ্পন ভবনের বিভাগীয় প্রধান গীতা কিনি। উদ্বোধন অনুষ্ঠানে উপচে পড়া ভিড় ছিল রবীন্দ্র অনুরাগীদের। নিপ্পন ভবনে একদিনের একটি কর্মশালারও আয়োজন করা হয়।  
Advertisement
রবীন্দ্রনাথের সঙ্গে জাপানের অত্যন্ত সুসম্পর্ক ছিল। নিজের জীবদ্দশায় মোট পাঁচ বার তিনি জাপান গিয়েছিলেন। প্রথম জাপানযাত্রা ছিল ১৯১৬ সালে‌। এরপর ১৯১৭ ও ১৯২৪ সালেও উদীয়মান সূর্যের দেশে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন কবিগুরু। ১৯২৯ সালেও তিনি দু’বার গিয়েছিলেন জাপানে। তাঁর এই জাপান যাত্রাকে স্মরণীয় করে রাখতে  নিপ্পন ভবন ও রবীন্দ্র ভবন যৌথ উদ্যোগে শিল্প প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করে। প্রদর্শনীতে মোট ২০টি সাদা কালো ছবি প্রদর্শিত হয়। শিল্পী মিসাকো শিনে মূলত ফুল, পাখি, প্রকৃতির বিষয়ে এইসব ছবি এঁকেছেন। দেখতে রবীন্দ্র অনুরাগীদের ব্যাপক ভিড় হয়। রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার তথা জাপান ও রবীন্দ্রনাথ বিষয়ক গবেষক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, রবীন্দ্রনাথের সূচনা করা জাপান- ভারত সাংস্কৃতিক আদান-প্রদানে চিত্রকলা চর্চা খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের সঙ্গে জাপানি শিল্পীদের নিবিড় যোগাযোগ গড়ে উঠেছিল। সেই সম্পর্ককে স্মরণে রেখেই তার তৃতীয়বার জাপান যাত্রার শতবর্ষের এই সময়ের বিশিষ্ট এক জাপানি চিত্রকরের ছবির এই প্রদর্শনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  
সম্পর্কিত সংবাদ